‘সুপার মম’ খ্যাত বাঘিনীর মৃত্যু

‘সুপার মম’ খ্যাত বাঘিনীর মৃত্যু

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১৮ জানুয়ারি ২০২২ । আপডেট ১৭:২০

বিশ্ববাসীর কাছে “সুপার মম” আর ইন্ডিয়ায় “কলারওয়ালী” নামে জনপ্রিয় ইন্ডিয়ান বাঘিনীর মৃত্যু হয়েছে। ১৬ বছরের জীবদ্দশায় ২৯টি বাঘশাবকের জন্ম দিয়ে বিশেষভাবে পরিচিতি পেয়েছিল সে। শুধু জন্ম দেওয়া নয়; ২৯টি শাবকের মধ্যে সে সফলভাবে ২৫টিকে পালনও করেছে। এ কারণে পরিবেশপ্রেমীদের কাছে সে ‘সুপার মম’-এর খ্যাতি পায়।

গত শনিবার (১৫ জানুয়ারি) মধ্যপ্রদেশে পেঞ্চ টাইগার রিজার্ভ পার্কে তার জীবনাবসান হয়। এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

রিজার্ভ পার্কের প্রধান অশোক কুমার মিশ্র জানান, বার্ধক্যজনিত জটিলতায় বাঘিনীটির মৃত্যু হয়েছে। বিড়াল শ্রেণির প্রাণীদের মধ্যে প্রথমবারের মতো ২০০৮ সালে তার গলায় রেডিও-কলার বসানো হলে তাকে “কলারওয়ালী” নামে ডাকা শুরু হয়।

অশোক কুমার মিশ্র বলেন, “একটা বাঘিনীর পক্ষে ২৯টি বাঘশাবকের জন্ম দেওয়ার ঘটনা সত্যিই বিরল। সেখানে সে একবার একই সময়ে ৫টি শাবককে জন্ম দিয়েছিল।”

স্থানীয় সংবাদমাধ্যমের সূত্রমতে, “কলারওয়ালী”ই ছিল রিজার্ভ পার্কের আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু। বিশ্বের সব বাঘ-বাঘিনীর মধ্যে তার ছবিই সবচেয়ে বেশিবার তোলা হয়েছে বলে মনে করা হয়।

হিন্দু রীতি অনুযায়ী আয়োজিত “কলারওয়ালী”-এর সৎকারের অনুষ্ঠানে অনেকের জমায়েত হয়। ফুলের মালা পরিয়ে হাত জোড় করে প্রণাম জানিয়ে তাকে শেষ বিদায় জানানো হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে সে ছবিগুলো ইতিমধ্যে সাড়া ফেলেছে।

“কলারওয়ালী”কে পেঞ্চ টাইগার রিজার্ভ পার্কের রানি হিসেবে আখ্যা দিয়ে তার মৃত্যুতে শোকবার্তা দিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। রিজার্ভ পার্কে এখন পর্যন্ত ১৩০টি বাঘ রয়েছে। আর এখানে বাঘের সংখ্যা বৃদ্ধিতে “কলারওয়ালী”-এর ভূমিকা নিঃসন্দেহে অনস্বীকার্য।

ইউডি/ অনিক

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading