সংক্রমণ আরও বাড়লে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১৮ জানুয়ারি ২০২২ । আপডেট ১৭:৫৫
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, করোনাভাইরাস সংক্রমণ আরও বেড়ে গেলে সরকার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করার সিদ্ধান্ত নেবে। তবে এখনই সে সিদ্ধান্ত নেওয়ার পরিকল্পনা নেই।
মঙ্গলবার (১৮ জানুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলন উপলক্ষে ডিসিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান দীপু মনি।
শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলে যাতে ভার্চুয়াল ক্লাস নেওয়া যায়; সেটার প্রস্তুতি রাখার জন্য ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে। যেখানে ভার্চুয়াল ক্লাস নেওয়া সম্ভব নয় সেখানে অ্যাসাইনমেন্টের ওপর নির্ভর করতে হবে।’
তিনি বলেন, কারিগরি শিক্ষা সব প্রতিষ্ঠানে রাখার প্রস্তাব দিয়েছেন জেলা প্রশাসকরা। এটা করা হবে। উপজেলা পর্যায়ে হাইস্কুল ও কলেজগুলোতে নিয়োগ প্রক্রিয়ার কমিটিতে ডিসিদের রাখার প্রস্তাব দেওয়া হয়েছে। শিক্ষামন্ত্রী আরও জানান, এখন পর্যন্ত ১২ থেকে ১৮ বছর বয়সী ৮৫ লাখ শিক্ষার্থীকে টিকা দেওয়া হয়েছে। এর চেয়ে কম বয়সীদের টিকা দেওয়ার সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি।

