ভেস্তে গেলো নুসরাতের পরিকল্পনা

ভেস্তে গেলো নুসরাতের পরিকল্পনা

উত্তরদক্ষিণ । শুক্রবার, ২১ জানুয়ারি ২০২২ । আপডেট ১৬:৩০

মহামারি করোনার কারণে দীর্ঘ সময় ঘরবন্দি ছিলেন শিল্পীরা। বন্ধ ছিল শোবিজ অঙ্গনের কাজও। অন্যদের মতো ঢাকাই সিনেমার চিত্রনায়িকা নুসরাত ফারিয়াও ঘরবন্দি সময় কাটিয়েছেন।

করোনা সংকট কিছুটা স্বাভাবিক হলে অন্যদের মতো তিনিও কাজে ফিরেন। নতুন বছরে বেশ কিছু স্টেজ শোয়ের কাজ হাতে নেন। সবকিছু ঠিকই ছিল কিন্তু ফের করোনা প্রকোপ বেড়ে যাওয়ায় শোয়ের সব পরিকল্পনা ভেস্তে গেলো নুসরাতের।

আজ থেকে টানা চারদিন ইন্ডিয়ার পশ্চিমবঙ্গের মন্দারমনি, কলকাতা, নন্দীগ্রাম ও বোলপুরে শোয়ে অংশ নেওয়ার কথা ছিল নুসরাত ফারিয়ার। কিন্তু ওমিক্রনের প্রকোপে এসব শো বাতিল করেছেন আয়োজকরা।

এ বিষয়ে নুসরাত ফারিয়া বলেন—‘পশ্চিমবঙ্গের বেশ কিছু স্থানে উৎসব হওয়ার কথা ছিল। সেখানেই আগামী শুক্রবার থেকে সোমবার পর্যন্ত আমার পারফর্ম করার কথা ছিল। কিন্তু ওদের ওখানে উৎসব করা এখন নিষেধ। এমনকি শুটিংয়েও রয়েছে বিধিনিষেধ। তাই আয়োজকরা সব শো বাতিল করেছেন।’

আপাতত বেশ কিছু বিজ্ঞাপনের কাজ নুসরাত ফারিয়ার হাতে রয়েছে। আগামী কয়েকদিন এগুলো নিয়ে ব্যস্ত থাকবেন। এছাড়া আগামী দুই বছরের জন্য ক্লিয়ার ব্র্যান্ডের শুভেচ্ছাদূত হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন ফারিয়া। তাদের সঙ্গেও কাজ করবেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading