পুঁজিবাজার সংশ্লিষ্টদের থাকতে হবে টিকার সনদ
উত্তরদক্ষিণ । সোমবার, ২৪ জানুয়ারি ২০২২ । আপডেট ১০:২০
ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মতই দেশের পুঁজিবাজার সংশ্লিষ্টৈদের করোনার টিকা সনদ থাকতে হবে। পাশাপাশি ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে সবাইকে মাস্ক পরাসহ যথাযথ স্বাস্থ্যবিধি পরিপালন করতে হবে। এমন নির্দেশনা আরোপ করত যাচ্ছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএসইসির কমিশনার অধ্যাপক শেখ সামসুদ্দিন আহমেদ। তিনি বলেন, নিজেকে এবং আশাপাশের মানুষজনকে করোনার হাত থেকে সুরক্ষিত রাখতে টিকার বিকল্প নেই। করোনার সংক্রমণ রোধে সবাইকে টিকা নিতে হবে এবং সনদ থাকতে হবে। আমরা এই নির্দেশনা দেব পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে।
এছাড়া সরকারের নির্দেশনা অনুযায়ী অর্ধেক জনবল নিয়ে পুঁজিবাজারের কার্যক্রম পরিচালনা করা হবে বলেও জানান বিএসইসির এ কমিশনার।
রবিবার (২৩ জানুয়ারি) ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের টিকা সনদ নেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি দেশে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে ব্যাংক কর্মী ও গ্রাহকদের মাস্ক পরাসহ যথাযথ স্বাস্থ্যবিধি পরিপালন করতে বলা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের পাঠিয়েছে।
ইউডি/সুস্মিত

