জনগণ বিএনপির আন্দোলনের ডাককে শব্দদূষণ মনে করে: ওবায়দুল কাদের

জনগণ বিএনপির আন্দোলনের ডাককে শব্দদূষণ মনে করে: ওবায়দুল কাদের

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২৫ জানুয়ারি ২০২২ । আপডেট ১৫:৩০

দেশের রাজনীতি নয়, বিএনপি রাজনীতিতে এখন ঘোর দুর্দিন অতিক্রম করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, হতাশাগ্রস্ত বিএনপির আন্দোলনের ডাককে জনগণ শব্দদূষণ মনে করে।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) তার বাসভবনে ব্রিফিংকালে ওবায়দুল কাদের এ মন্তব্য করেন। তিনি বলেন, নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে কূটচাল ব্যর্থ হওয়ায় বিএনপির হতাশা আরও ঘনীভূত হয়েছে। সব প্রতিকূলতা ডিঙিয়ে মানুষ শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি ৬৯’ এর মতো গণঅভ্যুত্থানের স্বপ্ন দেখে, কিন্তু নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে জনগণ ব্যালটের মাধ্যমে তাদের বিরুদ্ধে যে অভ্যুত্থান দেখিয়েছে তা বিএনপি দেখেও দেখে না, বুঝেও বুঝে না। বিএনপি এখনও অগণতান্ত্রিক পথে ক্ষমতা দখল করে জনগণের ঘাড়ে জগদ্দল পাথরের মতো সওয়ার হওয়ার দিবাস্বপ্ন দেখে।

তিনি বলেন, সরকার চায় একটি শক্তিশালী নির্বাচন কমিশন, আর এ লক্ষ্যে আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে শেখ হাসিনার সরকার। সরকারের এ উদ্যোগকে বিএনপির স্বাগত জানানোর প্রয়োজন ছিল, আজ তারা স্বভাবগতভাবেই সমালোচনা করছে।

বিএনপি নেতাদের কাছে প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, তাদের শাসনামলে তারা কেন এ আইন করতে পারলেন না?

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, বাধ্যতামূলক মাস্ক পরিধানসহ সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। করোনা সংক্রমণ বাড়লে একটি মহল গুজব এবং অপপ্রচার শুরু করে, জনমনে ভীতি সঞ্চার করতে চায়। এ বিষয়ে দেশবাসীকে সব ধরনের গুজব ও অপপ্রচার থেকে সতর্ক থাকার অনুরোধ জানান ওবায়দুল কাদের।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading