বিগ ব্যাশে ইতিহাস গড়ে অস্ট্রেলিয়ার জাতীয় দলে ফিরলেন ম্যাকডারমট

বিগ ব্যাশে ইতিহাস গড়ে অস্ট্রেলিয়ার জাতীয় দলে ফিরলেন ম্যাকডারমট

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২৫ জানুয়ারি ২০২২ । আপডেট ১৮:২২

আগে সুযোগ পেয়েছেন অনেকবার, কিন্তু কখনোই অস্ট্রেলিয়া জাতীয় দলে জায়গা ধরে রাখতে পারেননি বেন ম্যাকডারমট। চলমান বিগ ব্যাশে ব্যাট হাতে রেকর্ড গড়ে আবারও দেশটির নির্বাচকদের নজর কেড়েছেন এই কিপার-ব্যাটসম্যান। শ্রীলঙ্কার বিপক্ষে আসছে টি-টোয়েন্টি সিরিজের দলে রাখা হয়েছে তাকে। ঘরের মাঠে পাঁচ ম্যাচের সিরিজটির জন্য মঙ্গলবার ১৬ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টি-টোয়েন্টি দলে আরও ফিরেছেন ট্রাভিস হেড, মোইজেস হেনরিকেস ও জাই রিচার্ডসন।

আগামী মার্চের পাকিস্তান সফরকে সামনে রেখে লঙ্কানদের বিপক্ষে ২০ ওভারের সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শকে। দুইজনই অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন। শ্রীলঙ্কা সিরিজে কোচ জাস্টিন ল্যাঙ্গারও ছুটিতে যাবেন। এই সময় অস্ট্রেলিয়ার প্রধান কোচের দায়িত্ব পালন করবেন সহকারী কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড।

২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা ম্যাকডারমট এখন পর্যন্ত দুটি ওয়ানডে ও ১৭টি টি-টোয়েন্টি খেলেছেন। গত অগাস্টে বাংলাদেশ সফরে সবশেষ জাতীয় দলের হয়ে খেলেন তিনি; তিন ম্যাচে করেন ৩৫, ৩ ও ১৭। দুই সংস্করণ মিলিয়ে ওই ৩৫ তার ক্যারিয়ার সেরা। পরে স্বাভাবিকভাবেই জায়গা হয়নি টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে। ম্যাকডারমট ব্যাট হাতে ঝড় তোলেন বিগ ব্যাশে। অস্ট্রেলিয়ার এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে করেন পরপর দুটি সেঞ্চুরি। হোবার্ট হারিকেন্সের হয়ে ১৩ ইনিংসে ১৫৩.৮৬ স্ট্রাইক রেটে ৫৭৭ রান করে এখন পর্যন্ত আসরের সর্বোচ্চ স্কোরার তিনি, হন টুর্নামেন্ট সেরা। এই পারফরম্যান্স তাকে আবারও সুযোগ করে দিল জাতীয় দলে।

একাদশে জায়গা পেতে হলে অবশ্য ম্যাকডারমটকে লড়াই করতে হবে জশ ইংলিসের সঙ্গে। ওয়ার্নার না থাকায় দুই জনই থাকবেন ওপেনিংয়ের বিবেচনায়। এই দুই জনসহ দলে কিপার আছেন ম্যাথু ওয়েডও। অস্ট্রেলিয়া অধিনায়ক অ্যারন ফিঞ্চ অবশ্য এরই মধ্যে নিশ্চিত করে দিয়েছেন ওয়েডই থাকবেন লঙ্কান সিরিজে উইকেটের পেছনের দায়িত্বে। হেড টি-টোয়েন্টি দলে সুযোগ পেয়েছেন অ্যাশেজের দুর্দান্ত পারফরম্যান্সে। ইংল্যান্ডকে ৪-০ তে হারানো সিরিজে দুইটি সেঞ্চুরি করে সেরা খেলোয়াড় হয়েছিলেন এই বাঁহাতি। ২০১৮ সালের পর এবার প্রথম টি-টোয়েন্টি খেলার অপেক্ষায় তিনি।

সাইড স্ট্রেইনের চোট কাটিয়ে দলে ফিরেছেন জশ হেইজেলউড। সবশেষ বাংলাদেশ সফরে খেলা হেনরিকেসকেও দলে রেখেছে অস্ট্রেলিয়া। গত ফেব্রুয়ারিতে নিউ জিল্যান্ড সফরের পর প্রথম টি-টোয়েন্টি দলে ডাক পেলেন জাই রিচার্ডসন। অ্যাশেজে এক ম্যাচ খেলেন এই পেসার, অ্যাডিলেইডের ওই ম্যাচে নেন ইনিংসে পাঁচ উইকেট। এরপর চোট পেয়ে আর সুযোগ আসেনি তার।

টি-টোয়েন্টি বিশ্বকাপ দল থেকে ওয়ার্নার ও মার্শ ছাড়া নেই কেবল লেগ স্পিনার সোয়েপসন। বৈশ্বিক আসরে রিজার্ভ হিসেবে থাকা ড্যান ক্রিস্টিয়ান, ন্যাথান এলিস ও ড্যানিয়েল স্যামস কেউ নেই শ্রীলঙ্কা সিরিজের দলে।আগামী ১১ ফেব্রুয়ারি শুরু পাঁচ ম্যাচের সিরিজটি। পরের চারটি ম্যাচ যথাক্রমে ১৩, ১৫, ১৮ ও ২০ ফেব্রুয়ারি।

অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি দল: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), অ্যাশটন অ্যাগার, প্যাট কামিন্স, জশ হেইজেলউড, ট্রাভিস হেড, মোইজেস হেনরিকেস, জশ ইংলিস, বেন ম্যাকডারমট, গ্লেন ম্যাকওয়েল, জাই রিচার্ডসন, কেন রিচার্ডসন, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ম্যাথু ওয়েড, অ্যাডাম জ্যাম্পা।

ইউডি/সিফাত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading