বিমানকর্মীর পকেটে মিলল ৩০ সোনার বার

বিমানকর্মীর পকেটে মিলল ৩০ সোনার বার

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২৭ জানুয়ারি ২০২২ । আপডেট ২০:০৩

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিকিউরিটি গার্ডের পকেট থেকে ৩০টি সোনার বার জব্দ করা হয়েছে। জব্দ করা সোনার বারের ওজন ৩ কেজি ৪৮০ গ্রাম। এ ঘটনায় সোনার বার আনা যাত্রী ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওই সিকিউরিটি গার্ডকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

আটক বিমানের সিকিউরিটি গার্ডের নাম ইব্রাহীম খলিল। তিনি সৌদি আরবের রিয়াদ থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৪০৪০ ফ্লাইটে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় দেশে ফেরেন। এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিমানবন্দরের অ্যাপ্রোন এলাকায় একজন লোককে সন্দেহজনকভাবে চলাফেরা করতে দেখে জিজ্ঞাসাবাদ করে এপিবিএন সদস্যরা। এ সময় ওই ব্যক্তি নিজেকে বিমানের সিকিউরিটি গার্ড হিসেবে পরিচয় দেন। তবে তার গায়ে কোনো ইউনিফর্ম এবং সঙ্গে আইডি কার্ড না থাকায় জিজ্ঞাসাবাদের জন্য এপিবিএনের কার্যালয়ে আনা হয়। সেখানে তল্লাশি করে তার পকেট থেকে ৩০টি সোনার বার উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে এপিবিএন জানতে পারে কামাল নামে একজন যাত্রীর কাছ থেকে এসব সোনার বার তিনি সংগ্রহ করেছেন।

জিয়াউল হক জানান, ইব্রাহীমের বক্তব্য অনুযায়ী আমরা লাগেজ বেল্টের সামনে গিয়ে কামাল নামে যাত্রীর জন্য অপেক্ষা করি। পরে সে লাগেজ নিতে আসলে তাকে আটক করে এপিবিএন কার্যালয়ে আনা হয়। জিজ্ঞাসাবাদের পর আসামির বিরুদ্ধে চোরাচালানের মামলা দিয়ে তাদের বিমানবন্দর থানায় হস্তান্তর করা হবে।

ইউডি/সিফাত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading