মেক্সিকোতে একই পরিবারের ৬ সদস্যকে গুলি করে হত্যা

মেক্সিকোতে একই পরিবারের ৬ সদস্যকে গুলি করে হত্যা

উত্তরদক্ষিণ । সোমবার, ৩১ জানুয়ারি ২০২২ । আপডেট ১০:০৫

উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে একই পরিবারের ছয় সদস্যকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। দেশটির গুয়ানাজুয়াতো প্রদেশের প্রত্যন্ত একটি এলাকায় এই ঘটনা ঘটে।

সোমবার (৩১ জানুয়ারি) স্থানীয় কর্তৃপক্ষের বরাত এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

গুয়ানাজুয়াতো প্রদেশের পাবলিক প্রসিকিউটরের দফতর থেকে দেওয়া তথ্য অনুযায়ী, হত্যাকাণ্ডের শিকার একই পরিবারের ওই ছয় জনের মধ্যে চারজন পুরুষ এবং দুজন নারী। তাদের বয়স ২৪ থেকে ৭৩ বছরের মধ্যে। নিহত ওই ছয়জনকে একটি ভবনের মধ্যেই পাওয়া যায় এবং সকলের শরীরেই গুলির আঘাতের চিহ্ন ছিল।

নিহতদের মধ্যে একজন শিশু রয়েছে বলে প্রাথমিক খবরে জানা গেলেও পরে তা নিশ্চিত করা হয়নি। স্থানীয় সময় শনিবার রাতে এই হামলা ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলেও জানানো হয়।

প্রসিকিউটরের দফতর থেকে আরও জানানো হয়েছে, গুয়ানাজুয়াতো প্রদেশের শিলাও পৌর এলাকায় গত চার মসে এটি পঞ্চম কোনো হামলার ঘটনা।

এএফপি বলছে, মেক্সিকোর মধ্যাঞ্চলীয় গুয়ানাজুয়াতো প্রদেশটি তেল বিশুদ্ধকরণ শিল্পের কারণে খুই বিখ্যাত। কিন্তু মাদক কারবারিদের দ্বন্দ্বের কারণে সাম্প্রতিক সময়ে এটি মেক্সিকোর সবচেয়ে সহিংস প্রদেশগুলোর একটি হয়ে উঠেছে। সেখানকার দু’টি গ্রুপ মাদক পাচার ও তেল চুরি করাসহ অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্বে লিপ্ত।

মেক্সিকোর সরকারি তথ্য অনুযায়ী, ২০০৬ সালের ডিসেম্বরে উত্তর আমেরিকার দেশটির সরকার মাদকবিরোধী অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত ৩ লাখ ৪০ হাজারেরও বেশি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading