ইন্ডিয়ার কাশ্মীরে ৫ বিচ্ছিন্নতাবাদী নিহত
উত্তরদক্ষিণ । সোমবার, ৩১ জানুয়ারি ২০২২ । আপডেট ১৫:৫০
কাশ্মীরে জাইশ-ই-মোহাম্মদের (জেইএম) এক শীর্ষ কমান্ডারসহ পাঁচ বিচ্ছিন্নতাবাদীকে হত্যা করেছে ইন্ডিয়ার নিরাপত্তা বাহিনী।
স্থানীয় সময় শনিবার রাতে কাশ্মীরের প্রধান শহর শ্রীনগরের দক্ষিণে দুটি পৃথক অভিযানে তাদের হত্যা করা হয় বলে জানিয়েছে ইন্ডিয়ার পুলিশ।
মুসলিম প্রধান অঞ্চলটির পুলিশ প্রধান বিজয় কুমার রোববার বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, “গত রাতে গোয়েন্দা মারফত ওই এলাকা দুটিতে জঙ্গিদের উপস্থিতির খবর পেয়ে দুটি পৃথক অভিযান শুরু করা হয়। এতে জেইএম কমান্ডার জাহিদ ওয়ানি ও কফিল নামের এক পাকিস্তানি নাগরিকসহ পাঁচ জঙ্গি নিহত হয়।”
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ সহিংসতার নিন্দা করেছে এবং ‘পাঁচ কাশ্মীরির এই বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের’ জন্য আন্তর্জাতিক জবাবদিহিতার আহ্বান জানিয়েছে। অভিযানে ‘এক পাকিস্তানি যোদ্ধা’ নিহত হয়েছে, ভারতের এমন উক্তিরও নিন্দা করেছে তারা।
মন্ত্রণালয়টির বিবৃতিতে বলা হয়েছে, “দখলদার ভারতীয় বাহিনী নিরপরাধ কাশ্মীরীদের হত্যা করে তাদের সবাইকে ‘সন্দেহভাজন জঙ্গি’ বলে চালিয়ে দেয়।”
পারমাণবিক অস্ত্রধারী পাকিস্তান ও ইন্ডিয়া এ পর্যন্ত কাশ্মীর নিয়ে দুইবার যুদ্ধে জড়িয়েছে।
কাশ্মীরের ইন্ডিয়ার অংশের বিচ্ছিন্নতাবাদীদের পাকিস্তান সমর্থন দিচ্ছে বলে অভিযোগ ইন্ডিয়ার। কাশ্মীরের পশ্চিমাংশের নিয়ন্ত্রণে থাকা পাকিস্তান এ অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, কাশ্মীরের মুসলিমদের শুধু রাজনৈতিক সমর্থন দিচ্ছে তারা।
ইন্ডিয়া জানিয়েছে, জানুয়ারিতে কাশ্মীরে তাদের নিয়ন্ত্রিত অংশে ২১ ‘জঙ্গিকে’ হত্যা করেছে তারা যাদের মধ্যে আট জন পাকিস্তানি নাগরিক। অপরদিকে পাকিস্তানের মন্ত্রণালয়টি জানিয়েছে, এ সময় ২৩ কাশ্মীরীকে হত্যা করেছে ইন্ডিয়ার নিরাপত্তা বাহিনী।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, “তাদের সন্ত্রাসের রাজত্বে দখলদার ইন্ডিয়ার বাহিনীগুলো জানুয়ারিতে কথিত ঘেরাও করে চালানো তল্লাশি অভিযান নামের ভুয়া ‘এনকাউন্টারে’ অন্তত ২৩ কাশ্মীরীকে শহীদ করেছে।”
পাকিস্তানের বিবৃতির বিষয়ে ভারতীয় কাশ্মীরের পুলিশ প্রধান বিজয় কুমার কোনো মন্তব্য করতে রাজি হননি কিন্তু জানিয়েছেন, শনিবার বিচ্ছিন্নতাবাদীরা শ্রীনগরের দক্ষিণে এক পুলিশ কর্মকর্তাকে তার বাড়ির সামনে হত্যা করে, তারপরই ভারতীয় বাহিনী তাদের অভিযান শুরু করে।
ইউডি/সুস্মিত

