সুন্দর একটি সার্চ কমিটি হয়েছে : তথ্যমন্ত্রী

সুন্দর একটি সার্চ কমিটি হয়েছে : তথ্যমন্ত্রী

উত্তরদক্ষিণ । শনিবার, ৫ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ১৮:০০

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, আমি মনে করি সুন্দর একটি সার্চ কমিটি হয়েছে। তাদের মাধ্যমে গঠিত নির্বাচন কমিশনের দ্বারা বাংলাদেশে একটি সুন্দর জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, যেমনটি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে হয়েছে।

শনিবার রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই আইকন ভবনে বঙ্গবন্ধু কর্নার ও ডাইরেক্টরস লাউঞ্জ উদ্বোধন এবং কোভিড সচেতনতাবিষয়ক মিউজিক ভিডিও প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, আইন অনুযায়ী সার্চ কমিটিতে সাংবিধানিক পদধারীদের এবং একজন নারীসহ সুশীল সমাজেরও দুজনকে রাখা হয়েছে। তারা যে অত্যন্ত গণ্যমান্য ব্যক্তি এবং নিরপেক্ষ মানুষ হিসেবে অতীতে ভূমিকা রেখেছেন, তা সবাই স্বীকার করবেন।

তিনি বলেন, দেশে রাজনীতি থাকবে, অবশ্যই সরকারের সমালোচনা হবে, কিন্তু দেশের বিরুদ্ধে অপপ্রচার, দেশের ব্যবসা-বাণিজ্য, রপ্তানিকে বাধাগ্রস্ত করার জন্য অপপ্রচার কখনো কাম্য নয়, তা দেশদ্রোহিতার শামিল।

মন্ত্রী বলেন, দুঃখজনক হলেও সত্য দেশের সাবেক দুবারের এক প্রধানমন্ত্রী নিজের নামে ওয়াশিংটন টাইমস পত্রিকায় নিবন্ধ লিখেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে যে জিএসপি সুবিধা দিয়ে আসছিল, তা যেন বন্ধ করে দেয়।

তিনি বলেন, দেশের একটি প্রধান রাজনৈতিক দল যারা দুবার ক্ষমতায় ছিল, সেই দলের মহাসচিব নিজের দলের প্যাডে নিজে সই করে যুক্তরাষ্ট্রে চিঠি লিখেছেন বাংলাদেশকে সাহায্য দেওয়ার বিষয়টি পুনর্বিবেচনা করতে এবং সেটিকে একটি অস্ত্র হিসেবে ব্যবহার করতে।

এ সময় মন্ত্রী বাজারে পণ্যমূল্যের অযথা বৃদ্ধি রোধকল্পে এবং কলকারখানার দুষিত বর্জ্য থেকে পরিবেশ রক্ষায় এফবিসিসিআই সদস্যদের সক্রিয় ভূমিকা পালনের অনুরোধ জানান। সভা শেষে তিনি এফবিসিসিআই ভবনের তৃতীয় তলায় বঙ্গবন্ধু কর্নার ও ডাইরেক্টরস লাউঞ্জ উদ্বোধন করেন এবং শিল্পী হায়দার হোসেন পরিচালিত কোভিড সচেতনতাবিষয়ক মিউজিক ভিডিও প্রকাশ করেন।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading