বাঘের সাথে লড়াই করে বেঁচে ফিরলেন আবু হায়াত
উত্তরদক্ষিণ । সোমবার, ৭ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ১৮:৫০
সাতক্ষীরায় সুন্দরবনের বাঘের সঙ্গে নৌকার বৈঠা নিয়ে লড়াই করে বেঁচে ফিরছিলেন জেলে আবু হায়াত (৪০)। আহত হলেও প্রাণ নিয়ে উভয়ই ফিরেছেন। আহত জেলে আবু হায়াত ঢালী শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের টেংরাখালী গ্রামের মৃত আহসান আলীর ছেলে।
আবু হায়াত জানান, কৈখালী ফরেস্ট স্টেশন থেকে পাশ পারমিট নিয়ে আবু হায়াত, পার্শ্বেখালী গ্রামের কেরামতের ছেলে বাবলু (৪৫) ও আরশাদ গাজীর ছেলে ইসলাম (৫২) পশ্চিম সুন্দরবনের দায়েরগাং এলাকায় মাছ ধরতে যায়।
রবিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে জাল ওঠানোর সময় হঠাৎ করে সুন্দরবনের ভেতর থেকে বাঘ আবু হায়াতের উপর আক্রমণ করে।
এ সময় তার উপর সঙ্গী বাবলু, আরশাদসহ আশপাশের জেলেরা চিৎকার করে উঠে এবং সকলের প্রচেষ্টায় বাঘের কবল থেকে আবু হায়াতকে রক্ষা করে। বাঘের আক্রমণে আবু হায়াতের মাথায়, চোয়ালে, চোখের নিচে, গলা আঘাতপ্রাপ্ত হয়।
সোমবার (৭ ফেব্রুয়ারি) ভোরে আহসানকে বাড়িতে এনে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং সকালে তাকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে কৈখালী ফরেস্ট স্টেশন কর্মকর্তা মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, আবু হায়াত বৈধ পাশ পারমিট নিয়ে মাছ ধরার সময় বাঘের আক্রমণের শিকার হয়। আবু হায়াতের বর্তমান অবস্থা কী তা জানার জন্য খোজখবর নেয়া হচ্ছে।

