ভাষার মাসব্যাপী চলছে অনলাইন বইমেলা
উত্তরদক্ষিণ । সোমবার, ৭ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ১৯:১০
করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে দেশে অমর একুশে বইমেলা শুরু হতে বিলম্ব হচ্ছে। ১৫ ফেব্রুয়ারি এবারের বইমেলা শুরু হয়ে ২৮ ফেব্রুয়ারি শেষ হবে বলে জানিয়েছেন আয়োজক কমিটির সদস্য সচিব জালাল আহমেদ।
মেলাকে সামনে রেখে এর আগেই শুরু হয়েছে ‘নগদ-রকমারি অনলাইন বইমেলা’। ফেব্রুয়ারি মাসজুড়ে চলবে অনলাইন এই মেলা। এই সময়ের মধ্যে যেসব পাঠক নগদের মাধ্যমে রকমারি থেকে বই কিনবেন, তারা ২০ শতাংশ ক্যাশ ব্যাক পাবেন। এ ছাড়া, সব নতুন বইতে ২৫ শতাংশ ছাড়ও মিলবে বলে জানান রকমারির জনসংযোগ কর্মকর্তা কিংকর হালদার মিশু।
বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া অনলাইন এ বইমেলার উদ্বোধন করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। আইসিটি বিভাগের পক্ষ থেকে ভাষার মাসেই বইচিত্র নামে পাঠক-লেখকের একটি ডিজিটাল ম্যাচমেকিং প্ল্যাটফর্ম আত্মপ্রকাশ করবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী। এসময় রকমারিসহ অন্যান্য প্ল্যাটফর্মকেও বইচিত্র ডিজিটাল প্ল্যাটফর্মে সংযুক্ত হওয়ার আহ্বান জানান তিনি।
ভার্চুয়াল অনলাইন বইমেলা উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রকমারি ডটকমের চেয়ারম্যান মাহমুদুল হাসান সোহাগ ও নগদ ব্যবস্থাপনা পরিচালক তানভীর মিশুক। এছাড়াও উপস্থিত ছিলেন সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ফরিদ আহমেদ।
মাহমুদুল হাসান সোহাগ বলেন, ‘এটি আমাদের একাদশ অনলাইন বইমেলা। এরই মধ্যে রকমারিতে প্রায় ৮০ হাজার লেখকের ২ লাখের বেশি বই আছে। ৮ হাজারেরও বেশি দেশ-বিদেশি প্রকাশনা সংস্থার বই আমরা ৫৬ হাজার বর্গমাইলের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দিয়েছি। বাংলাদেশের এমন কোনো ইউনিয়ন নেই, যেখানে রকমারি বই পৌঁছেনি।’

