সপ্তাহের ব্যবধানে হিলিতে সবজির দাম দিগুণ
উত্তরদক্ষিণ । বুধবার, ৯ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ১০:৪০
টানা দুই দিন বৃষ্টির কারণে দিনাজপুরের হিলিতে বেড়েছে সব ধরনের সবজির দাম। দুই দিনের ব্যবধানে প্রতি কেজি সবজির দাম বেড়েছে ২০ থেকে ৩০ টাকা। হুট করেই এমন দাম বাড়ায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষেরা।
বুধবার (৯ ফেব্রুয়ারি) সকালে হিলি সবজি বাজার ঘুরে দেখা যায়, গত কয়েক দিন আগে একদিনের অপ্রত্যাশিত বৃষ্টির প্রভাবে দফায় দফায় বেড়েছে শীতকালীন সবজির দাম।
দেখা গেছে, এক সপ্তাহ আগে ২০ টাকার বেগুন আজ বিক্রি হচ্ছে ৪০ টাকায়। ২৫ টাকার শিম এখন ৪০ থেকে ৫০ টাকা, ২০ টাকা টমেটো ৪০ টাকা, ২০ টাকার ফুলকপি ৩০ টাকা, ৩০ টাকার শসা ৪০ টাকা, ২৫ টাকার কাঁচামরিচের দাম এখন ৪০ থেকে ৪৫ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া সব ধরনের শাক-সবজির দামও দ্বিগুণ বেড়েছে।
সবজি ব্যবসায়ী সোহেল রানা বলেন, গত কয়েক দিন বৃষ্টির পানির জন্য সবজির দাম বেড়ে গেছে। টানা বৃষ্টিতে কৃষকের সব সবজির আবাদ পানিতে ডুবে গেছে। যে কারণে বাজারে সবজির আমদানি কম। এজন্য দাম বৃদ্ধি পাচ্ছে।
ইউডি/সুস্মিত

