ইউপি নির্বাচন: আট ধাপে ভোট পড়েছে ৭২.২০ শতাংশ
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ২০:৩০
এবার আটটি ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে গড়ে ৭২ দশমিক ২০ শতাংশ ভোট পড়েছে। এ সময়ে ৪ হাজার ১৩৬টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শেষ ধাপের ভোট শেষে বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সাংবাদিকদের ব্রিফিংয়ে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এ তথ্য জানান। নির্বাচন চলাকালে ১০০ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে বলেও স্বীকার করেন এই অতিরিক্ত সচিব। এসময় ইসি’র যুগ্মসচিব এসএম আসাদুজ্জামান ও যুগ্মসচিব ফরহাদ আহম্মদ খান উপস্থিত ছিলেন।
অশোক কুমার দেবনাথ বলেন, সারাদেশে শান্তিপূর্ণভাবে অষ্টম ধাপের সাতটি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোটগ্রহণ শেষে এখন চলছে গণনা। অষ্টম ধাপে দুটি ইউপিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।এখন পর্যন্ত শেষ হওয়া আটটি ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৩৭১ জন নির্বাচিত হয়েছেন। ৩৯৪টি ইউনিয়ন পরিষদের ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সারাদেশে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠানের জন্য ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। এরপরও কোথাও কোথাও সহিংস ঘটনা ঘটেছে। এতে কিছু প্রাণহানি ও আহত হওয়ার ঘটনা ঘটেছে। এজন্য নির্বাচন কমিশন দুঃখ প্রকাশ করছে।
ইউডি/সুপ্ত

