দর্শক ফিরছে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজে

দর্শক ফিরছে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজে

উত্তরদক্ষিণ । রবিবার, ২০ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ১৬:১০

শুরু হচ্ছে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ। করোনার বিধিনিষেধের কারণে এর আগে মাঠে দর্শক প্রবেশের সুযোগ না পেলেও এই সিরিজে মাঠে বসে খেলা দেখতে পারবেন দর্শকরা। তবে সীমিত সংখ্যক দর্শক পাবেন সেই সুযোগ।

এ বিষয়ে রবিবার (২০ ফেব্রুয়ারি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ (টিটু) বলেন, ‘বিপিএলে যেমন সরকারি নির্দেশনা অনুযায়ী ৪ হাজার দর্শক প্রবেশের সুযোগ দেওয়া হয়েছিল। তবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজে আমরা চাচ্ছি দর্শক থাকুক এবং সেটা ৫০ ভাগ। ধারনা করা যাচ্ছে চট্টগ্রামে কমপক্ষে ৩ থেকে ৪ হাজার ও ঢাকায় ৫ হাজার দর্শক মাঠে প্রবেশের সুযোগ পাবেন। তারপরও আমরা চেষ্টা করছি সরকারের কাছে থেকে ৫০ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি আনার।’

তবে মিরপুর কিংবা চট্টগ্রাম— কোনো স্টেডিয়ামেই নিচের গ্যালারিতে দর্শকরা বসার সুযোগ পাবেন না। এ বিষয়ে তানভীর আহমেদ বলেন, ‘আসলে খেলোয়াড় ও স্টাফরা কঠোর বায়ো বাবলের মধ্যে থাকেন। আপনারা জানেন অনেক সময় ছক্কা হলে নিচের গ্যালারিতে গিয়ে পরে। সেখানে যদি দর্শক থাকে এবং তারা যদি বল কুড়িয়ে মাঠে ফেরত পাঠায় তাহলে বায়ো বাবল ভেঙে যেতে পারে। তাই বিপিএলের মতো বাংলাদেশ-আফগানিস্তান সিরিজেও নিচের গ্যালারিতে দর্শক বসার সুযোগ পাবেন না। সেটা ৩ কিংবা ৪ হাজার দর্শকের জন্য যেমন প্রযোজ্য, তেমনি ৫০ শতাংশ দর্শক প্রবেশের সুযোগ পেলে সেক্ষেত্রে প্রযোজ্য হবে।’

আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ হিসেবে সিরিজের তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ ও আফগানিস্তান। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২৩ ফেব্রুয়ারি হবে প্রথম ওয়ানডে। একদিন বিরতির পর ২৫ ফেব্রুয়ারি হবে দ্বিতীয় ওয়ানডে। আর তৃতীয় ওয়ানডে হবে ২৮ ফেব্রুয়ারি। ম্যাচগুলো শুরু হবে বেলা ১১টায়।

ওয়ানডে সিরিজ শেষে ঢাকায় হবে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ। প্রথমটি হবে ৩ মার্চ। দ্বিতীয়টি ৫ মার্চ। ম্যাট দুটি শুরু হবে বিকেল ৩টায়। বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের পাওয়ার স্পন্সর হিসেবে আছে ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপ।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading