জাল সনদে চাকরি, তথ্য ফাঁসের ভয়ে সহকর্মীকে খুন
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ১৫:০০
গাজীপুরের শ্রীপুর এলাকায় জীবন চন্দ্র বিশ্বাস (২৮) খুনের ঘটনায় তার সহকর্মী রবিউল আলম হৃদয়কে (২৬) গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। খুনি হৃদয় তার বড় ভাই শফিকুল আলম জয়ের সনদ জাল করে চাকরি নেন। বিষয়টি জানতে পেরে তার সহকর্মী জীবন ৫০ হাজার টাকা দাবি করেন। না হলে জাল সনদের বিষয়টি ফাঁস করে দেওয়ার হুমকি দেন তিনি। এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে সহকর্মী জীবনকে খুন করেন হৃদয়।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর মালীবাগ সিআইডি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান সিআইডির বিশেষ পুলিশ সুপার (এসএসপি) মুক্তা ধর। তিনি জানান, গত ১০ ফেব্রুয়ারি শ্রীপুরের ধানুয়া উত্তরপাড়া এলাকায় সহকর্মীর ছুরিকাঘাতে জীবন চন্দ্র বিশ্বাস (২৮) খুন হন। মামলাটি তদন্তের ধারাবাহিকতায় ঘটনার সঙ্গে রবিউল আলম হৃদয়ের সম্পৃক্ততা পাওয়ায় তার অবস্থান শনাক্ত করা হয়। ২১ ফেব্রুয়ারি রাতে নেত্রকোনা সদর থানাধীন হোসেনপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার হৃদয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি জানান, হৃদয় তার বড় ভাই শফিকুল আলম জয়ের এসএসসি ও এইচএসসির সনদ দিয়ে ওই নামেই আশুলিয়ার একটি কোম্পানিতে সিকিউরিটি গার্ডের কোর্স করেন। পরে ময়মনসিংহের ভালুকায় ‘দি অ্যাপ্যারেলস ইস্ট জামিরদিয়া’ নামের পোশাক কারখানায় গার্ড হিসেবে প্রায় ৮ মাস কাজ করেন।
তিনি আরও জানান, একপর্যায়ে গাজীপুরের শ্রীপুরে ‘হাজী বাড়ি প্ল্যান্ট’ নামে হাঁস, মুরগির খামারের সিকিউরিটি গার্ড হিসেবে প্রায় ২ মাস ধরে কাজ করছিলেন হৃদয়। সেখানেই সহকর্মী জীবনের সঙ্গে তার পরিচয় হয়। কোম্পানির ৪ রুমের ভাড়া করা বাসায় তারা দুইজন একসঙ্গে বসবাস করতেন। ঘটনার দিন হঠাৎ হৃদয়ের কাছে ৫০ হাজার টাকা দাবি করেন জীবন, অন্যথায় ভুয়া সনদের বিষয়টি ফাঁস করে দেওয়ার হুমকি দেন। এ নিয়ে বাকবিতণ্ডিার একপর্যায়ে ছুরিকাঘাত করে সহকর্মী জীবনকে হত্যা করেন হৃদয়।
ইউডি/সিফাত

