মানবিক গল্পের সিনেমায় আঁচল
উত্তরদক্ষিণ । রবিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ১৬:০৫
ফেব্রুয়ারির শুরুর দিকে চিত্রনায়িকা আঁচল গিয়েছিলেন নেত্রকোনার বিরিশিরিতে। সেখানে ‘এক পশলা বৃষ্টি’র গানের শুটিং ছিল। জাফর আল মামুনের পরিচালনায় এ সিনেমায় আঁচলের নায়ক জয় চৌধুরী। মাস না গড়াতেই আরও এক সিনেমায় চুক্তিবদ্ধ হলেন আঁচল। নতুন সিনেমার নাম ‘আনওয়ান্টেড চাইল্ড’। এতে আঁচল অভিনয় করবেন শিপন মিত্রের সঙ্গে। গতকাল থেকে উত্তরায় শুরু হয়েছে এ সিনেমাটির শুটিং।
আনওয়ান্টেড চাইল্ড সিনেমার গল্প ও চিত্রনাট্য লিখেছেন দেলোয়ার হোসেন দিল। পরিচালনা করছেন নির্মাতা জুটি মনিরুল ইসলাম সোহেল ও রহিম বাবু, যারা একত্রে সোহেল বাবু নামে পরিচিত। এর আগে সোহেলের পরিচালনায় ২০১৪ সালে ‘স্বপ্ন যে তুই’ সিনেমায় অভিনয় করেছিলেন আঁচল।
অভিনেত্রী জানিয়েছেন, তার অভিনীত অন্য সিনেমার তুলনায় আনওয়ান্টেড চাইল্ডের গল্প অনেকটাই আলাদা। গতানুগতিক প্রেম নয়, এ সিনেমায় উঠে আসবে গুরুত্বপূর্ণ সামাজিক সংকটের কথা।
নির্মাতা মনিরুল ইসলাম সোহেল বলেন, ‘ডাস্টবিন বা রাস্তার পাশে নবজাতক পড়ে আছে, প্রায়ই এমন ঘটনার কথা শোনা যায়। হয়তো তাদের উদ্ধার করে নিয়ে যায় কেউ। নয়তো ওভাবেই বাচ্চাটি মারা যায়। সমাজে পিতৃপরিচয়হীনভাবে অনেক শিশু বেড়ে ওঠে, যারা সামাজিকভাবে অবহেলা কিংবা অপমানের শিকার। এ গল্পে আমি সেই সব শিশুর কথা বলতে চাই। মানুষের মানবিক বোধ জাগিয়ে তোলাই আমার এ সিনেমার উদ্দেশ্য।’
নির্মাতা জানিয়েছেন, একটানা ১৬ দিন চলবে ‘আনওয়ান্টেড চাইল্ড’ সিনেমার শুটিং। ঢাকায় তিন দিন শুটিং করে টিম যাবে ধামরাই, নারায়ণগঞ্জ ও কক্সবাজারে। সব কাজ শেষ করে এ বছরই মুক্তি পেতে পারে ‘আনওয়ান্টেড চাইল্ড’ সিনেমাটি।
ইউডি/অনিক

