গ্রহণযোগ্য নির্বাচন করা নতুন ইসির বড় চ্যালেঞ্জ: ইনু
উত্তরদক্ষিণ । রবিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ২১:৪৮
নবগঠিত নির্বাচন কমিশনকে স্বাগত জানিয়ে জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, আগামীতে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া এ কমিশনের জন্য বড় চ্যালেঞ্জ। নির্বাচন কমিশনের সদস্যদের উদ্দেশে তিনি বলেন, মুখ দেখে, দল দেখে নয়, সরাসরি আইন ও সংবিধান দেখে আপনারা কাজ করবেন। সেটাই দেশের জন্য গুরুত্বপূর্ণ।
রবিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে নিজের নির্বাচনি এলাকা কুষ্টিয়ার মিরপুরে তালবাড়িয়া এলাকায় পদ্মা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনকালে ইনু এসব কথা বলেন। বিএনপির উদ্দেশে এই সংসদ সদস্য বলেন, সংলাপে আসেননি, কোনো প্রস্তাব দেননি, অথচ আপনারা নির্বাচন কমিশন নিয়ে প্রশ্ন করছেন। বিএনপির এজেন্ডা সরকার উৎখাতের। সুতরাং নির্বাচন কমিশনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার অধিকার তাদের নেই।
নদীভাঙন নিয়ে ইনু বলেন, অসময়ে পদ্মা নদীর ভয়াবহ ভাঙন চলছে। এ ভাঙন থামানো না গেলে দেশের উত্তর ও দক্ষিণবঙ্গের মধ্যে যোগাযোগের কুষ্টিয়া-ঈশ্বরদী জাতীয় মহাসড়কটি নদীতে বিলীন হয়ে যাবে। তিনি দ্রুত এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানান। এসময় স্থানীয় জাসদ নেতারা উপস্থিত ছিলেন।
ইউডি/সিফাত

