হরমুজ প্রণালিতে রাশিয়ার টোল মওকুফ করল ইরান
উত্তরদক্ষিণ। শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, আপডেট ১৩:৫৫
আমেরিকা ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের ওপর টোল আরোপ করেছে ইরান। তবে রাশিয়ার মতো ‘বন্ধুত্বপূর্ণ’ দেশগুলোকে এই ট্রানজিট ফি প্রদান থেকে অব্যাহত দেওয়া হয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) রাশিয়ার সংবাদ সংস্থা আরআইএ নভোস্তিকে দেওয়া এক সাক্ষাৎকারে মস্কোতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত কাজেম জালালি এই তথ্য নিশ্চিত করেছেন। খবর আল-জাজিরার।
ইরানি রাষ্ট্রদূত জানান, তেহরান নির্দিষ্ট কিছু দেশের জন্য টোল মওকুফের ব্যবস্থা করেছে। তিনি বলেন, “বর্তমানে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় রাশিয়ার মতো বন্ধু রাষ্ট্রগুলোর জন্য এই ব্যতিক্রমী সুবিধা নিশ্চিত করার চেষ্টা করছে।”
এর আগে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ইরানের পার্লামেন্টের ডেপুটি স্পিকার হামিদরেজা হাজিবাবাই জানান, হরমুজ প্রণালি দিয়ে যাতাযাতকারী জাহাজ থেকে তেহরান প্রথমবারের মতো ট্রানজিট ফি বা টোল আদায় করেছে।
বার্তাসংস্থা তাসনিম নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে হাজি বাবাই জানান, সংগৃহীত টোলের প্রথম কিস্তির অর্থ ইতোমধ্যে ইরানের কেন্দ্রীয় ব্যাংকের অ্যাকাউন্টে জমা হয়েছে।
ইরানের ওপর আমেরিকার অর্থনৈতিক চাপের প্রতিক্রিয়া হিসেবে তেহরান এই কৌশলগত জলপথে টোল আরোপের পরিকল্পনা বাস্তবায়ন করছে।
ইউডি/রেজা

