ফের আইনি ঝামেলায় শ্রাবন্তী, হতে পারে কারাদণ্ড
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১ মার্চ ২০২২ । আপডেট ১০:২৮
আরও একবার আইনি ঝামেলায় জড়ালেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। এরই মধ্যে তাকে নোটিস পাঠিয়েছে ইন্ডিয়ার বন্য প্রাণী সুরক্ষা দফতর। জানা গেছে, দেশটির বন্যপ্রাণী সুরক্ষা আইন ১৯৭২-এর ৯,১১, ৩৯, ৪৮, ৪৯, ৪৯এ- ধারায় তার অধীনে মামলা দায়ের হয়েছে। এতে তার বিরুদ্ধে বন্যপ্রাণীকে জোর করে আটক করে রাখার অভিযোগ রয়েছে। যদি তিনি দোষী প্রমাণিত হন তবে হতে পারে সাত বছরের কারাদণ্ড।
খবর ইন্ডিয়ান গণমাধ্যম টিভি নাইন-এর। গণমাধ্যমটি জানিয়েছে, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক ছবি পোস্ট করেন শ্রাবন্তী। সেই ছবিতে এক বেজির বাচ্চাকে কোলে নিয়ে পোজ দিতে দেখা যায় তাঁকে। তবে প্রাণীটির গলায় পরানো ছিল মোটা শিকল। শ্রাবন্তী ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, হঠাৎ করেই এক মিষ্টি বন্ধুর দেখা পেলাম। হ্যাশট্যাগ- অ্যানিম্যাল লাভ। প্রাণীটির গলায় শিকল পরা ছবি পোস্ট করায় প্রতিবাদ জানিয়েছেন নেটিজেনরা। কেউ কেউ ঘটনাটিকে অমানবিক আখ্যাও দেন। এরপরেই তার বিরুদ্ধে মামলা দায়ের হয়। তাকে ডেকে পাঠানো হয় ওয়াইল্ড লাইফ কন্ট্রোল সেলের কলকাতা শাখায়।
এ প্রসঙ্গে শ্রাবন্তীকে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি নিরুত্তর, তবে তার আইনজীবী এসকে হাবিব উদ্দিন জানিয়েছেন, খুব শীঘ্রই এ বিষয়ে বন্যপ্রাণী সুরক্ষার কর্মকর্তাদের সঙ্গে দেখা করে পরবর্তী পদক্ষেপ নেবেন তারা।
এদিকে, শ্রাবন্তীর এই মামলায় সম্প্রতি টাইমস অব ইন্ডিয়া এর কাছে মুখ খুলেছেন বনদপ্তরের এক কর্মকর্তা। তার বক্তব্য, এভাবে বন্য প্রাণীকে বন্দি করে রাখা শুধু অপরাধই নয়, তার মতো একজন পাবলিক ফিগার যদি এমন কাজ করেন, তা বাকিদেরও অনুকরণে উৎসাহ জোগায়। তদন্তে তার আমাদেরকে পূর্ণ সহযোগিতা করা উচিত। তবেই বন্যপ্রাণ সংরক্ষণের এই কাজে আমরা লড়তে পারব।
ইউডি/সিফাত

