সুস্থ হয়ে হাসপাতাল ছাড়লেন পেলে
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১ মার্চ ২০২২ । আপডেট ১৭:৫৫
কোলন টিউমারের চিকিৎসা নেয়ার পর মূত্রনালীর সংক্রমণ ধরা পড়ে ব্রাজিলের ফুটবল কিংবদন্তি পেলের। সেই চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন তিনবারের বিশ্বকাপ জয়ী এই তারকা।
সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, গত শনিবার হাসপাতাল ছেড়েছেন একমাত্র ফুটবলার হিসেবে তিনটি বিশ্বকাপ জেতা পেলে।
বিবৃতিতে জানা যায়, রোগীর ক্লিনিকাল অবস্থা স্থিতিশীল এবং তিনি সংক্রমণ থেকে সেরে উঠেছেন। তিনি ২০২১ সালের সেপ্টেম্বরে শনাক্ত হওয়া কোলন টিউমারের জন্য তার চিকিৎসা চালিয়ে যাবেন।
গত সেপ্টেম্বরের শুরুতে নিয়মিত পরীক্ষায় তার বৃহদান্তে টিউমার ধরা পড়ে এবং অস্ত্রোপচার করা হয়। প্রায় এক মাস হাসপাতালে থাকার পর অক্টোবরের শুরুতে বাড়ি ফেরেন তিনি। এরপর থেকে নিয়মিত কেমোথেরাপি চলছে তার। গত ১৩ ফেব্রুয়ারি কেমোথেরাপির জন্য হাসপাতালে ভর্তি হন পেলে। এরপর তার মূত্রনালীর সংক্রমণ ধরা পড়ে। একারণেই তাকে অতিরিক্ত কয়েকদিন হাসপাতালে থাকতে হলো।
ইউডি/সুপ্ত

