নিয়োগ কার্যক্রম দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করতে পিএসসিকে রাষ্ট্রপতির নির্দেশ
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১ মার্চ ২০২২ । আপডেট ২০:৫০
বিভিন্ন নিয়োগ কার্যক্রম দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করতে সরকারি কর্ম কমিশন (পিএসসি) কে নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। মঙ্গলবার (১ মার্চ) সন্ধ্যায় বঙ্গভবনে পিএসসি চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন এর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির নিকট কমিশনের বার্ষিক প্রতিবেদন ২০২১ পেশ করতে গেলে তিনি এ নির্দেশনা দেন।।
এ সময় বাছাই পরীক্ষা বিকেন্দ্রীকরণ এবং করোনাকালে ডাক্তারসহ জরুরি প্রয়োজনে স্বল্প সময়ে নিয়োগের সুপারিশ করায় পিএসসিকে ধন্যবাদ জানান রাষ্ট্রপতি। রাষ্ট্রপ্রধান আশা প্রকাশ করেন, চাকুরী প্রার্থীদের দুর্ভোগ লাঘবে আগামীতে পরীক্ষা কেন্দ্র বিকেন্দ্রীকরণের এ প্রক্রিয়া আরো জোরদার হবে।
রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন গণমাধ্যমকে জানান, সাক্ষাৎকালে পিএসসি চেয়ারম্যান বার্ষিক প্রতিবেদনের বিভিন্ন দিক এবং কমিশনের সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এছাড়া রাষ্ট্রপতি বিসিএস পরীক্ষার ফরম পূরণসহ অন্যান্য কার্যক্রম সহজীকরণেরও পরামর্শ দেন। রাষ্ট্রপতি পরীক্ষা কার্যক্রমের সকল স্তরে তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়ানোরও নির্দেশনা দেন।
ইউডি/সুপ্ত

