টি-টোয়েন্টি সিরিজ: জয়েই শুরু চায় টিম বাংলাদেশ
উত্তরদক্ষিণ । বুধবার, ২ মার্চ ২০২২ । আপডেট ২১:০০
আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে কাল। জয় দিয়েই এই সিরিজ শুরু করতে চায় স্বাগতিকরা। এই ফরম্যাটে বিশ্ব ক্রিকেটের বড় নাম আফগানিস্তান। আপফগানদের বিপক্ষে এই ফরম্যাটে টাইগারদের সুখস্মৃতি নেই তেমন একটা। বরং আছে হোয়াইটওয়াশ হওয়ার লজ্জাও। তবে সবকিছু ভুলে মিরপুরের হোম অব ক্রিকেটে দারুণ শুরু চায় টিম বাংলাদেশ।
এর আগে ছয়বারের মোকাবেলায় বাংলাদেশ মাত্র দুটিতে জয় পেয়েছে। বাকী চারটিতেই হেরে গেছে। সর্বশেষ একটি ত্রিদেশীয় সিরিজে পরস্পরের মোকাবেলা করেছে বাংলাদেশ ও আফগানিস্তান। ২০১৯ সালে বাংলাদেশে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় দল হিসেবে অংশ নেয় জিম্বাবুয়ে। দুই লেগের ওই সিরিজের প্রথম ম্যাচে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তান বাংলাদেশের বিপক্ষে ২৫ রানে জয়লাভ করলেও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ফিরতি লেগে চার উইকেটে পরাজিত হয়। শেষ পর্যন্ত এই দুই দল ফাইনাল নিশ্চিত করলেও বৃস্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হলে যৌথ চ্যাম্পিয়ন ঘোষনা করা হয় দুই দলকে।
কিন্তু চট্টগ্রামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জয় করে বাংলাদেশ। ওয়ানডে সিরিজ থেকেই মোমেন্টামটা নিজেদের কাছেই ধরে রাখতে মরিয়া মাহমুদউল্লাহর দল। বাংলাদেশ টি-২০ ক্রিকেটের প্রথম পাওয়ার প্লেতে আরো উন্নতি করতে চায় টাইগাররা। অধিনায়ক মাহমুদুল্লাহ বলেছেন, এবার বাংলাদেশ আগে থেকেই এ বিষয়ে গভীর মনোযোগ রেখে মাঠে নামবে, লক্ষ্য থাকবে প্রথম ছয় ওভার থেকে অন্তত ৪০/ ৪৫ রান সংগ্রহ করা।
তিনি বলেন,এটি এমন একটি ক্ষেত্র যেখানে আমাদের উন্নতি করা উচিৎ। আমরা জানি সামনেই টি-২০ বিশ্বকাপ। সুতরাং এ ক্ষেত্রে উন্নতি ঘটাতে না পারলে আমাদেরকে গভীর সঙ্কটে পড়তে হবে। তাই পাওয়ার প্লে থেকেই ভাল করাটা আমাদের প্রথম লক্ষ্য থাকবে। অভিষেকের অপেক্ষায় থাকা মুনিম শাহরিয়ারের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, প্রথম পাওয়ার প্লের প্রথম বল থেকেই শট খেলার মত দক্ষতা তার মধ্যে রয়েছে।
ইউডি/সুপ্ত

