পারমাণবিক অস্ত্রের ব্যবহারেই হবে তৃতীয় বিশ্বযুদ্ধ: ল্যাভরভ
উত্তরদক্ষিণ । বুধবার, ২ মার্চ ২০২২ । আপডেট ২০:৪৫
তৃতীয় বিশ্বযুদ্ধ হলে তা হবে পারমাণবিক অস্ত্রের এবং তখন ব্যাপক ধ্বংসযজ্ঞ হবে বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। বুধবার (২ মার্চ) রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ এ খবর জানিয়েছে।
ল্যাভরভ আরও বলেছেন, ইউক্রেন পারমাণবিক অস্ত্র অর্জন করে ফেললে সেটি হবে রাশিয়ার জন্য সত্যিকারের বিপদ। গত মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকার পরিষদ এবং জাতিসংঘের নিরস্ত্রীকরণ সম্মেলনে ভিডিওর মাধ্যমে দেয়া ভাষণে ল্যাভরভ একথা বলেছিলেন। যদিও এ অভিযোগের স্বপক্ষে রুশ পররাষ্ট্রমন্ত্রী কোনও প্রমাণ দেখাতে পারেননি।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এরই মধ্যে পারমাণবিক অস্ত্র বহরকে যুদ্ধের জন্য প্রস্তুত রাখার নির্দেশ দিয়ে পারমাণবিক অস্ত্র নিয়ে বিশ্বে উদ্বেগ ছড়িয়ে দিয়েছেন। যদিও বিশ্লেষকরা বলছেন, পুতিনের এ পদক্ষেপ হয়ত পারমাণবিক অস্ত্র ব্যবহারের ইচ্ছার আভাস নয়। বরং ইউক্রেনের বিষয়ে অন্য দেশগুলোকে নাক না গলানোর জন্য পুতিন এই সতর্কবার্তা দিয়ে থাকতে পারেন।
ইউডি/সুপ্ত

