টি-টোয়েন্টি সিরিজ: শততম ম্যাচের জন্য প্রস্তুত মুশফিক
উত্তরদক্ষিণ । শুক্রবার, ৪ মার্চ ২০২২ । আপডেট ১৩:০০
শনিবার আফগানিস্তানের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে খেলতে বাঁধা নেই মুশফিকুর রহিমের। আঙুলের চোট থেকে সেরে উঠেছেন তিনি। শুক্রবার (৪ মার্চ) তিনি অনুশীলন করেন মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে। কাল ম্যাচ খেললে নিজের ব্যক্তিগত শততম টি-টোয়েন্টি ম্যাচের মাইলফলক স্পর্শ করবেন মুশফিক।
বিসিবির ফিজিও বায়েজিদুল ইসলাম জানান, গত ২ তারিখে মুশফিকুর রহিমের আঙুলে বল লাগার পর এক্স-রে করানো হয়েছিল। সেখানে চিড় বা এই ধরনের কিছু আসেনি। গতকাল তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছিল। দেখা গেছে যে, ফোলা আর নেই। আজকে সে ব্যাটিং করল। থ্রো ডাউন খেলল, স্পিনে ব্যাট করল, পেস বোলিংও খেলল। সবমিলিয়ে সে ভালো আছে। দ্বিতীয় ম্যাচে দলে থাকার বিবেচনায় সে আসবে।
সবশেষ গত নভেম্বরে পাকিস্তান সিরিজের দলে তাকে রাখা হয়নি। নির্বাচকরা তখন বলেছিলেন, বিশ্রাম দেয়া হয়েছে অভিজ্ঞ ব্যাটসম্যানকে। মুশফিক নিজে অবশ্য সংবাদমাধ্যমকে বলেছিলেন, দলের বাইরে রাখাকে তিনি বাদ হিসেবেই নিচ্ছেন। এরপর বিপিএলে খুব ভালো না খেললেও জায়গা পান আফগানিস্তান সিরিজের স্কোয়াডে। দ্বিতীয় ম্যাচের একাদশে জায়গা পেয়ে বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে একশ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলবেন তিনি।
বাংলাদেশের হয়ে ৯৯ ম্যাচ খেলে মুশফিকের সার্বিক পারফরম্যান্স অবশ্য খুব ভালো নয়। ৬ ফিফটিতে ১ হাজার ৪৬৫ রান করেছেন স্রেফ ১৯.৭৯ গড় ও ১১৫.৭৫ স্ট্রাইক রেটে।
ইউডি/সুপ্ত

