পারমাণবিক বিদ্যুতকেন্দ্রে হামলা: রাশিয়ার দাবি নাশকতার জন্য দায়ী ইউক্রেনই
উত্তরদক্ষিণ । শুক্রবার, ৪ মার্চ ২০২২ । আপডেট ২০:০০
ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র জেপোরোজিয়ায় হামলার জন্য ইউক্রেনীয় নাশকতাকারীদের দায়ী করেছে রাশিয়া। শুক্রবার (৪ মার্চ) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এই হামলাকে ‘দানবীয় উস্কানি’ বলে অভিহিত করেছেন। খবর আন্তর্জাতিক বার্তা সংস্থার।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কনাশেনকভ জানিয়েছেন, পারমাণবিক কেন্দ্রটির স্বাভাবিক কার্যক্রম অব্যাহত আছে আর এর সংলগ্ন এলাকাটি ২৮ ফেব্রুয়ারি থেকেই রাশিয়ার বাহিনীর নিয়ন্ত্রণে আছে। তারপরও গত রাতে বিদ্যুৎকেন্দ্রটির সংলগ্ন অঞ্চল থেকে কিয়েভের জাতীয়তাবাদী জান্তা একটি দানবীয় উস্কানি দেয়ার চেষ্টা করেছে। তিনি বলেন, ৪ মার্চ রাত প্রায় ২টায় জাপারোজিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র সংলগ্ন সুরক্ষিত অঞ্চলে টহল চলার সময় ন্যাশনাল গার্ডের একটি টহল দলের ওপর হামলা চালায় ইউক্রেনের একটি নাশকতাকারী গোষ্ঠী।
তিনি আরও বলেন, ভবনটিতে পাল্টা গুলি চালানোর উস্কানি দেয়া হয়। বিদ্যুৎকেন্দ্রটির সামনের একটি প্রশিক্ষণ কমপ্লেক্সের কয়েকটি তলার জানালা দিয়ে রাশিয়ার ন্যাশনাল গার্ড সদস্যদের ওপর হাল্কা অস্ত্র দিয়ে ব্যাপক গুলিবর্ষণ করা হয়। হামলা প্রতিহত করতে রাশিয়ার টহল দলটি পাল্টা গুলি চালায়, এতে ‘নাশকতাকারী গোষ্ঠীটি’ প্রশিক্ষণ কমপ্লেক্সটি ছেড়ে চলে যায়, কিন্তু যাওয়ার আগে সেখানে আগুন লাগিয়ে দিয়ে যায়।
ইউক্রেন বলেছে, শুক্রবার ভোরে রাশিয়ার বাহিনীগুলো বিদ্যুৎকেন্দ্রটিতে হামলা চালিয়েছে আর তাতে সংলগ্ন পাঁচতলা প্রশিক্ষণ ভবনে আগুন ধরে যায়। এই ঘটনার প্রতিক্রিয়ায় পশ্চিমা দেশগুলোও মস্কোর নিন্দা জানিয়েছে। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের অষ্টম দিনে ঘটা এ ঘটনার বিষয়ে মস্কো বা কিয়েভ, কারও ভাষ্যই রয়টার্স তাৎক্ষণিকভাবে যাচাই করে দেখতে পারেনি।
ইউডি/সুপ্ত

