দক্ষিণ আফ্রিকায় টাইগাররা বাড়তি গুরুত্ব পাবে: মুমিনুল

দক্ষিণ আফ্রিকায় টাইগাররা বাড়তি গুরুত্ব পাবে: মুমিনুল

উত্তরদক্ষিণ । শুক্রবার, ৪ মার্চ ২০২২ । আপডেট ২০:৪০

আফগানিস্তান সিরিজ শেষ করেই বাংলাদেশ ক্রিকেট দল রওনা হবে দক্ষিণ আফ্রিকার পথে। ওই সিরিজে রয়েছে দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে ম্যাচ। টাইগারদের এবারের সিরিজটি খুবই গুরুত্বপূর্ণ। কেননা এবারের এই সিরিজে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ লীগের পয়েন্টের সঙ্গে রয়েছে টেস্ট চ্যাম্পিয়ন্স লীগেরও পয়েন্ট। তাই পয়েন্ট অর্জন করতে হলে প্রোটিয়াদের বিপক্ষে খেলতে হবে দারুণ ক্রিকেট। এমনটাই মনে করেন টাইগারদের টেস্ট অধিনায়ক মুমিনুল হক। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট জয় দক্ষিণ আফ্রিকায় সাহস দেবে বলে মনে করেন তিনি। তিনি বলেন, দলগুলো এখন আমাদের আরও গুরুত্ব দেবে।

দক্ষিণ আফ্রিকায় তাদের বিপক্ষে এখন পর্যন্ত কোনো ম্যাচ জেতেনি বাংলাদেশ। এবার টেস্ট জিততে মরিয়া টাইগাররা। তাই বগুড়ায় পুরোদমে চলছে প্রস্তুতি। পরিসংখ্যানের তথ্যই ফুটিয়ে তুলছে দক্ষিণ আফ্রিকার মাটিতে লাল বলের ক্রিকেটে বাংলাদেশের হাল। তবে এই সংস্করণের সঠিক প্রক্রিয়াটা ঠিক রেখে এবার সেখানে ভাগ‍্য পরিবর্তনের আশা করছেন মুমিনুল হক। প্রস্তুতির দিক থেকে একটু এগিয়ে টেস্ট দল। মুমিনুলসহ এই দলের বেশ কয়েকজন ক্রিকেটার বাংলাদেশ টাইগার্সের ক‍্যাম্পে অনুশীলন করছেন। বিসিবির পাঠানো ভিডিও বার্তায় টেস্ট অধিনায়ক বললেন, প্রক্রিয়ার ভেতরে থাকায় এবারের সফরে ভালো করার ব‍্যাপারে তিনি আশাবাদী।

তিনি বলেন, বগুড়ার উইকেট সবসময় ভালো হয়। যেমন চেয়েছিলাম তেমন হয়তো হয়নি। তবে দক্ষিণ আফ্রিকার কন্ডিশনের সঙ্গে এখানকার কন্ডিশনের পার্থক্য অনেক। এমন সফরের আগে একটা প্রক্রিয়ার মধ্যে থাকাটা গুরুত্বপূর্ণ। বিশেষ করে, বিদেশ সফরের ক্ষেত্রে এটা জরুরি। আমার মনে হয়, এটা আমাদেরকে একটা প্রক্রিয়ার মধ্যে থাকতে সাহায্য করেছে।

তিনি আরও বলেন, যেহেতু আমাদের নিয়ে মানুষের প্রত্যাশাও বেড়েছে, তাই আমাদের পরবর্তী চ্যালেঞ্জ হিসেবে দক্ষিণ আফ্রিকা সিরিজে কেমন করি, সেটা গুরুত্বপূর্ণ। অন্যান্য দলগুলো আমাদের আগে যেভাবে দেখত, এখন নিশ্চয়ই সেভাবে দেখবে না। দলগুলো এখন আমাদের আরও গুরুত্ব দেবে। সেই চ্যালেঞ্জও থাকবে। আগামী ১১ মার্চ দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল।

ইউডি/সুপ্ত

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading