গত দুই মাসে সড়কে প্রাণহানি ১০১২

গত দুই মাসে সড়কে প্রাণহানি ১০১২

উত্তরদক্ষিণ । শনিবার, ৫ মার্চ ২০২২ । আপডেট ১৬:৪০

গত জানুয়ারি ও ফেব্রুয়ারি দুই মাসে দেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৮৪৮টি। এসব দুর্ঘটনায় নিহত হয়েছেন ১ হাজার ১২ জন এবং আহত হয়েছে ১ হাজার ১৪৬ জন। নিহতদের মধ্যে নারী ১৪৩ জন এবং শিশু ১৩০টি। এই সময়ে আরও ১২টি নৌ-দুর্ঘটনায় ৩৭ জন নিহত এবং ২৬টি রেলপথ দুর্ঘটনায় ৩৫ জন নিহত ও ছয় জন আহত হয়েছেন।

শনিবার (৫ মার্চ) স্বেচ্ছাসেবী সংগঠন রোড সেফটি ফাউন্ডেশন এ তথ্য প্রকাশ করেছে। দেশের শীর্ষ সাতটি জাতীয় দৈনিক, পাঁচটি অনলাইন নিউজ পোর্টাল এবং ইলেক্ট্রনিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে সংগঠনটি।

প্রতিবেদনে জানানো হয়েছে, এই দুই মাসে শুধু মোটরসাইকেল দুর্ঘটনাই ঘটেছে ৩৫৮টি, যা মোট দুর্ঘটনার ৪২ দশমিক ২১ শতাংশ। এতে নিহত হয়েছেন ৪০৩ জন, যা মোট নিহতের ৩৯ দশমিক ৮২ শতাংশ। সড়ক দুর্ঘটনায় মোট মৃত্যু ১ হাজার ১২ জনের ২০২ জন পথচারী নিহত হয়েছেন, যা মোট নিহতের ১৯ দশমিক ৯৬ শতাংশ। আর যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ১৪৭ জন, অর্থাৎ ১৪ দশমিক ৫২ শতাংশ।

প্রতিবেদনে দুর্ঘটনা পর্যালোচনায় রোড সেফটি ফাউন্ডেশন জানিয়েছে, সড়ক দুর্ঘটনায় গত ২ মাসে প্রতিদিন গড়ে ১৭ দশমিক ১৫ জন নিহত হয়েছে। জানুয়ারি মাসে ৪৩১টি সড়ক দুর্ঘটনায় ৫৪৩ জন নিহত হয়েছে। ফেব্রুয়ারি মাসে ৪১৭টি দুর্ঘটনায় নিহত হয়েছে ৪৬৯ জন। এই হিসাবে জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারি মাসে দুর্ঘটনা বেড়েছে ৭ দশমিক ১২ শতাংশ এবং প্রাণহানি কমেছে ৪ দশমিক ৩৪ শতাংশ।

জানুয়ারি মাসে ১৮৭ মোটরসাইকেল দুর্ঘটনায় ২১৬ জন নিহত হয়েছিল। ফেব্রুয়ারি মাসে ১৭১ মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছে ১৮৭ জন। উল্লেখ্য, জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারি মাসে প্রাণহানি সামান্য কমলেও এটি কোনো টেকসই উন্নতির সূচক নির্দেশ করছে না। দুর্ঘটনায় ১৮ থেকে ৬৫ বছর বয়সী কর্মক্ষম মানুষ নিহত হয়েছেন ৮৩২ জন, অর্থাৎ ৮২.২১ শতাংশ।

ট্রাক ও মোটরসাইকেল দুর্ঘটনা ব্যাপক বৃদ্ধি পেয়েছে। মানসিক ও শারীরিকভাবে অসুস্থ ড্রাইভারদের বেপরোয়া গতিতে ট্রাক চালানো এবং অপ্রাপ্ত বয়স্ক ও যুবকদের বেপরোয়া মোটরসাইকেল চালানোর কারণে তারা নিজেরা দুর্ঘটনায় পতিত হচ্ছে এবং অন্যান্য যানবাহনকে আক্রান্ত করছে। পথচারী নিহতের মাত্রাও চরম উদ্বেগজনক পর্যায়ে। পথচারীরা যেমন সড়কে নিয়ম মেনে চলে না, তেমনি যানবাহনগুলোও বেপরোয়া গতিতে চলে। ফলে পথচারী নিহতের ঘটনা বাড়ছে।

সংগঠনটি বলছে, এই প্রেক্ষাপটে সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে সরকারের কোনো উদ্যোগ দৃশ্যমান নয়। সড়ক পরিবহন আইন-২০১৮ বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে কোনো আগ্রহ দেখা যাচ্ছে না। সড়ক দুর্ঘটনা ঘটছে মূলত সড়ক পরিবহন খাতের নৈরাজ্য ও অব্যস্থাপনার কারণে। এই অবস্থার উন্নয়নে সরকারের রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন।

ইউডি/অনিক

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading