এখন নিজের জমিতে ঘর তুলতেও চাঁদা দিতে হয়: জি এম কাদের

এখন নিজের জমিতে ঘর তুলতেও চাঁদা দিতে হয়: জি এম কাদের

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২ । আপডেট ১৭:৩০

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের বলেছেন, এখন নিজের জমিতে ঘর তুলতেও চাঁদা দিতে হয়। মানুষ জানে না, কার কাছে গেলে কী সমাধান পাওয়া যায়।

বৃহস্পতিবার (১০ মার্চ) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে জাতীয় পার্টির কেন্দ্রীয় বর্ধিত সভার উদ্বোধনী বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

দেশের মানুষের সার্বিক নিরাপত্তা অনিশ্চিত হয়ে পড়েছে— উল্লেখ করে জি এম কাদের বলেন, এখন অর্থনৈতিক নিরাপত্তা নেই, সামাজিক নিরাপত্তা নেই, সড়কে বের হলে জীবনের নিরাপত্তা নেই। স্বামী ও সন্তান নিয়ে বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার হচ্ছেন নারী, ইজ্জতের নিরাপত্তা নেই।

প্রতিদিন নিত্যপণ্যের দাম বেড়েই চলছে— উল্লেখ করে জাপা চেয়ারম্যান বলেন, আজ একটির দাম বেশি তো কাল অন্যটির দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। প্রতিদিন মানুষের ব্যয় বাড়ছে, কিন্তু আয় বাড়ছে না। প্রতিদিন বেকারের সংখ্যা বাড়ছে, কিন্তু কর্মসংস্থান বাড়ছে না।

জি এম কাদের বলেন, দেশের কোথাও জবাবদিহিতা নেই। পরতে পরতে দুর্নীতি ছেয়ে গেছে, দেখার যেন কেউ নেই। এভাবে চলতে পারে না, দেশের মানুষ এমন পরিস্থিতি থেকে মুক্তি চায়।

রাশিয়া-ইউক্রেন ইস্যুতে বিশ্ব দুই ভাগ হয়ে পড়েছে— উল্লেখ করে জাপা চেয়ারম্যান বলেন, যুদ্ধের জন্য অর্থনৈতিক মন্দা শুরু হয়েছে। যুদ্ধের এ বিরূপ প্রভাবের ঢেউ বাংলাদেশের রাজনীতিতেও লেগেছে। দেশের রাজনীতি কোন পথে যায়, নিশ্চিত করা বলা যায় না।

বর্ধিত সভায় আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন বাবলা, প্রেসিডিয়াম সদস্য আবুল কাশেম, হাফিজ উদ্দিন, গোলাম কিবরিয়া টিপু প্রমুখ।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading