বিএনপি অসাধু ব্যবসায়ীদের সহযোগিতা করছে: বাহাউদ্দিন নাছিম
উত্তরদক্ষিণ । বুধবার, ১৬ মার্চ ২০২২ । আপডেট ১৯:২২
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বিএনপি’র কথাবার্তায় একশ্রেণীর অসাধু ব্যবসায়ীরা উস্কানি পাচ্ছে। বিএনপি জামাত রাজনৈতিক ফায়দা লোটার জন্য আমাদের বিরুদ্ধে দোষ দেয়। তারা অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে একটি কথাও বলে না। বিএনপি’র কথাবার্তায় একশ্রেণীর অসাধু ব্যবসায়ীরা উস্কানি পাচ্ছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস ২০২২ উপলক্ষে বুধবার (১৬ মার্চ) সকালে কৃষিবিদ ইনস্টিটিউশনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাহাউদ্দিন নাছিম বলেন, করোনার কারণে এবং রমজানকে সামনে রেখে একশ্রেণীর অসাধু ব্যবসায়ী দ্রব্যমূল্য বৃদ্ধির ক্রমাগত পায়তারা করছে। বিএনপি জামায়াত অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কথা না বলে নানা মিথ্যাচার করছে। তারাও ষড়যন্ত্রের অংশে পরিণত হয়েছে। মিথ্যাচার করে তারা অসাধু ব্যবসায়ীদের সহযোগিতা করছে। বাজার মনিটরিং চলছে, ভ্রাম্যমাণ আদালত শুরু হয়েছে। এক কোটি গরিব মানুষকে ন্যায্যমূল্যে খাদ্য সরবরাহের ব্যবস্থা করা হচ্ছে। আওয়ামী লীগের নেতৃবৃন্দ বাজারের প্রতি সতর্ক দৃষ্টি রাখছেন। আইনশৃঙ্খলা বাহিনীসহ প্রশাসনের সাথে সমন্বয় করে কাজ করা হচ্ছে।
আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক বলেন, কিছু পণ্যের মূসক কমিয়ে আনা হয়েছে, কোথাও প্রত্যাহার করা হয়েছে। দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ আছে, সরবরাহ ঠিক আছে। যে মূল্যবৃদ্ধি হয়েছে সরকার তা কমানোর জন্য, সহনশীল পর্যায়ে নেয়ার জন্য কাজ করে যাচ্ছে। বাজার শীঘ্রই ঘুরে দাঁড়াবো ইনশাআল্লাহ্। ঘুরে না দাঁড়ানোর কোনো সুযোগ নেই।
কৃষিবিদ ইনস্টিটিউশন ঢাকা মেট্রোর সভাপতি মোঃ লিয়াকত আলীর সভাপতিত্বে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের সভাপতি প্রফেসর ড. মোঃ শহীদুর রশীদ ভূঁইয়া, বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ, প্রাণিসম্পদ অধিদপ্তরে মহাপরিচালক কৃষিবিদ ডাঃ মনজুর মোহাম্মদ শাহজাদা, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মসিউর রহমান হুমায়ুন, কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ-এর ভারপ্রাপ্ত মহাসচিব কৃষিবিদ মোঃ মুকসুদ আলম মুকুট প্রমুখ বক্তব্য রাখেন।

