বঙ্গবন্ধু শুধু একটি নাম নয়, একটি ইতিহাস

বঙ্গবন্ধু শুধু একটি নাম নয়, একটি ইতিহাস
বঙ্গবন্ধু

সুমনা গুপ্তা । বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২ । আপডেট ১৪:১০

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু একটি নাম নয়, একটি ইতিহাস। যে ইতিহাস রচনা করেছে হাজার বছরের শৃঙ্খল মোচনের এক অমর মহাকাব্য। তিনি প্রজ্বলিত এক নক্ষত্র, অগনিত মানুষের শ্রদ্ধা ও ভালোবাসার এক প্রস্ফুটিত গোলাপ। বাঙ্গালি বিশ্বের যেখানেই থাকুক না কেন-তার আত্মপরিচয়ের ঠিকানা, অহঙ্কারের সাতকাহন, আত্ম মর্যাদার প্রতীক-জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব। বঙ্গবন্ধু বাঙ্গালির চেতনার রাজ্যে মুকুটহীন রাজা, অপ্রতিদ্বন্দ্বী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি।

পাকিস্তানের ২৩ বছরের গোলামীর জিঞ্জির ভেঙে তার ডাকেই ঘরে ঘরে গড়ে উঠেছিল দূর্গ। হাজার হাজার মাইল দূরের পশ্চিম পাকিস্তানের কারাগারে বন্দী থেকেও তিনি ছিলেন মুক্তিসেনাদের ট্রেনিং ক্যাম্প আর শরণার্থীদের রিফিউজি ক্যাম্পের মানুষগুলোর হৃদয় মাঝে ভাস্বর হয়ে। তার নামেই উজ্জীবিত হয়ে জীবন বাজি রেখে এক মুহুর্তের জন্যও কুন্ঠিত হয়নি বাঙালী।

বাঙ্গালির চিন্তার জগতে, ভাবনার ভূবনে, মেধার উৎকর্ষে, কিংবা ভরসার আশ্রয়স্থল হিসেবে-সবস্থানেই খুঁজে পায় বঙ্গবন্ধুর বিশাল ব্যক্তিত্বকে। আর এরই ধারাবাহিকতায়, ৫২ এর টগবগে তরুণ মুজিব ৬৬ বা ৬৯ ছাড়িয়ে এ হয়ে যান বঙ্গবন্ধু, ৭১ এর ৭ মার্চে হ্যামিলনের বংশীবাদক, ২৫ মার্চের ঘোর অন্ধকারে এক যাদুকর। বঙ্গবন্ধুর ডাকে হাজার হাজার নিরস্ত্র জনতা ঝাঁপিয়ে পড়ে সশস্ত্র হানাদার পাকিস্তানী বাহিনীর ট্যাংকের সামনে, অবুঝ কিশোর তাজা রক্তের অক্ষরে লিখে যায় মার্তৃভূমির রক্তঋণ শোধ করার দৃঢ় প্রতিজ্ঞা, কিংবা অশ্রুসজল জননী প্রাণপ্রতিম সন্তানকে মুক্তিযুদ্ধে পাঠিয়ে দেন অবলীলায়। আবালবৃদ্ধ-বণিতা লিপ্ত হয়ে পড়ে সর্বাত্মক এক জনযুদ্ধে।

বঙ্গবন্ধু ছিলেন পরাধীন বাংলার রাজনৈতিক আকাশের ঊজ্জ্বলতম নক্ষত্র, বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিসংগ্রামের মহানায়ক, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, ইন্ডিয়ান উপমহাদেশের অন্যতম রাজনৈতিক ব্যক্তিত্ব, বিশ্বনন্দিত নেতা। বঙ্গবন্ধু আমাদের অনুভূতি ও অন্তর আত্মায় মিশে আছেন। জাতির পিতার প্রতি আমাদের ঋণ, শ্রদ্ধা, ভালোবাসা অশেষ। শেখ মুজিব মানেই বাংলার মুক্ত আকাশ। শেখ মুজিব মানেই বাঙালির অবিরাম মুক্তির সংগ্রাম।

মুজিব কেবল মাত্র লোক চক্ষুর সামনে থেকে অদৃশ্য হয়েছেন, হারিয়ে যায়নি। হারাতে পারেন না কখনও। অলিতে-গলিতে, আকাশে-বাতাসে, চলাচলে সবখানে সবকিছুই জানান দিচ্ছে মুজিব আছে। মুজিব আছে প্রতিটি বাঙালির হৃদয়ের আসনে। আজ এত বছর পরেও রাস্তা-ঘাট মানুষের এত স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ জানান দিয়ে যায় মুজিব এদেশের মানুষের অন্তরে কিভাবে গেঁথে রয়েছে।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading