ইন্ডিয়ার চুক্তিবদ্ধ হলেন ‘মানিকে মাগে হিথে’র ইয়োহানি

ইন্ডিয়ার চুক্তিবদ্ধ হলেন ‘মানিকে মাগে হিথে’র ইয়োহানি

উত্তরদক্ষিণ । শুক্রবার, ১৮ মার্চ ২০২২ । আপডেট ১২:৪০

সিংহলি ভাষার গায়িকা ইয়োহানি ডি’সিলভা ‘মানিকে মাগে হিথে’ গেয়েই মন জয় করেছিলেন এশিয়া অঞ্চলের। ইন্ডিয়ার করেছেন ধারাবাহিক কনসার্ট, অংশ নিয়েছেন টিভি শোতে এমনকি গেয়েছেন বলিউডেও।

এবার এই তারকার মুকুটে নতুন পালক যুক্ত হলো। ইন্ডিয়ার খ্যাতনামা প্রতিষ্ঠান টি-সিরিজের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন তিনি।

নতুন প্রতিভা খুঁজে আনায় বরাবরই জুড়ি মেলা ভার টি-সিরিজের। তালিকায় রয়েছেন গুরু রন্ধওয়া, জুবিন নওটিয়াল, হানি সিংহ প্রমুখ। তাতেই নবতম সংযোজন ইয়োহানি। সদ্য তিনিও সই করলেন সংস্থার চুক্তিপত্রে।

ইয়োহানিকে টি-সিরিজের মুখ হিসেবে পেয়ে খুশি প্রতিষ্ঠানটি। তারা জানায়, বরাবরই গানের দুনিয়ায় নতুন ধারা তৈরিতে সামিল হয়ে এসেছে টি-সিরিজ। তাদের আশা, ইয়োহানির মতো তরুণ প্রজন্মের প্রতিভাশালী শিল্পীদের সঙ্গে পেয়ে শ্রোতাদের দুর্দান্ত সব গান উপহার দেওয়া সম্ভব হবে।

এ গায়িকার পুরোনাম ইয়োহানি ডিলোকা ডি সিলভা। জন্ম শ্রীলংকায়। বাবা সেনা কর্মকর্তা আর মা বিমানসেবিকা। বিজ্ঞান নিয়ে আগ্রহ থাকলেও পড়াশোনা করেছেন লজিস্টিক ম্যানেজমেন্টে। তার গাওয়া ‘মানিকে মাগে হিথে’ শ্রীলঙ্কা ছাড়াও ভারত-বাংলাদেশে ব্যাপক জনপ্রিয় হয়। বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন থেকে শুরু করে অনেকেই গানটি শেয়ার করেন তাদের সোশ্যাল হ্যান্ডেলে।

ইয়োহানির শুরু ইউটিউব দিয়েই। তার প্রথম গান ‘দেভিয়াঙ্গি’। তিনি নিজেই গান লেখেন, সুর করেন। নিজ দেশে র‌্যাপার হিসেবে বেশ খ্যাতি তার। সুর-সংগীতের পাশাপাশি ইয়োহানি সংগীত প্রযোজকও। পেয়েছেন একাধিক পুরস্কার। নিজ দেশ শ্রীলংকায় তাকে বলা হয় র‌্যাপ কুইন।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading