করছেন না নাটক-সিনেমা: তবুও ব্যস্ত পূর্ণিমা!
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২২ মার্চ ২০২২ । আপডেট ১৩:০১
একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। একসময়ের বলার কারণ, গত কয়েক বছর ধরে তিনি বড় পর্দায় তেমন কাজ করছেন না। ব্যস্ত আছেন উপস্থাপনা নিয়ে। এখানেও তিনি নজর কেড়েছেন দারুণভাবে। পাশাপাশি ঈদ আসলে তাদের একাধিক নাটকেও দেখা যায়। তবে এবারের চিত্র কিছুটা ভিন্ন হবে। কারণ, আসছে ঈদে কোনো নাটকে অভিনয় করছেন না পূর্ণিমা। গণমাধ্যমকে এ কথা তিনি নিজেই জানিয়েছেন। তবে তার হাতে যে কাজ নেই, তেমনটা নয়। আসলে অন্য কাজের ব্যস্ততার কারণেই ঈদে কোনো নাটকে দেখা যাবে না এই অভিনেত্রীকে।
এ প্রসঙ্গে পূণিমা বলেন, এবার রোজার ঈদের কোনো নাটকে অভিনয় করা হচ্ছে না। কারণ হাতে নাটকে শুটিংয়ের জন্য সময় নেই। বেশ কিছু ইভেন্ট এবং রোজাকে কেন্দ্র করে অনুষ্ঠান ও প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের বিচারক হিসেবে থাকতে হচ্ছে। তাই নাটকে সময় দিতে পারছি না। গত কয়েক বছরে ‘এবং পূর্ণিমা’ এবং ‘পূর্ণিমার আলো’সহ বেশ কয়েকটি অনুষ্ঠান উপস্থাপনা করে ব্যাপক সুনাম কুড়িয়েছেন পূর্ণিমা। যার কারণে বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোতে তার চাহিদাও বেড়েছে বহুগুণ। এছাড়া বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের বিচারকের আসনেও তাকে দেখা যায়।
সেই ধারাবাহিকতায় এবারের ঈদে সেলিব্রেটি অনুষ্ঠানের উপস্থাপনা, ম্যাগাজিন অনুষ্ঠান এবং বিভিন্ন অনুষ্ঠানের বিচারকের ভূমিকায় ব্যস্ত থাকবেন পূর্ণিমা। ফলে নায়িকার কাছে ঈদের নাটকের প্রস্তাব নিয়ে যারাই যাচ্ছেন, তাদেরকে বিনয়ের সঙ্গে ফিরিয়ে দিচ্ছেন। অন্যদিকে, বড় পর্দায় কাজের ক্ষেত্রে গত বছর পূর্ণিমা শেষ করেছেন ‘গাঙচিল’ নামে একটি ছবির শুটিং। বন্ধ রয়েছে ‘জ্যাম’ নামে আরেকটি ছবির কাজ। দুটি ছবিই পরিচালনার দায়িত্বে আছেন নঈম ইমতিয়াজ নেয়ামূল এবং দুটিতেই পূর্ণিমার নায়ক হিসেবে আছেন ফেরদৌস আহমেদ।

