যেসব কারণে ঘটতে পারে পছন্দের স্মার্টফোনে বিস্ফোরণ
উত্তরদক্ষিণ । শুক্রবার, ২২ এপ্রিল ২০২২ । আপডেট ১০:২০
স্মার্টফোন যতই স্মার্ট হোক না কেন বা সেগুলো যতই প্রিমিয়াম হোক, ইলেকট্রনিক এসব ডিভাইস ব্যাটারি বিস্ফোরণের জন্য সংবেদনশীল। স্যামসাংয়ের গ্যালাক্সি নোট সেভেন ব্যর্থতার কথা আমাদের সবারই কম-বেশি জানা। বিস্ফোরণের ৩৫টিরও বেশি ঘটনা ঘটার পর প্রতিষ্ঠানটি সে সময় তাদের লাখ লাখ ইউনিট বাজার থেকে তুলে নিতে বাধ্য হয়। এমন ঘটনা যে পুনরাবৃত্তি ঘটছে না সেটি কিন্তু একদমই নয়। প্রায়ই ব্যবহারকারী, নির্মাতা নির্বিশেষে সবার কাছ থেকে স্মার্টফোনে আগুন বা বিস্ফোরণের ঘটনা শোনা যায়। এমনকি কিছু ক্ষেত্রে তা মৃত্যুর কারণও হয়ে দাঁড়ায়।
যে কারণে ফোনে বিস্ফোরণ ঘটে- ফোন বিস্ফোরণের অন্যতম প্রধান কারণ ব্যাটারি। আর ব্যাটারি বিস্ফোরণের প্রথম কারণ হল, ফোনের আসল চার্জার ব্যবহার না করা। নির্দিষ্ট কয়েকটি ফোনের সঙ্গে চার্জার না দেওয়া হলেও বেশিরভাগ ফোনেই কোম্পানির পক্ষ থেকে চার্জার দেওয়া হয়। দীর্ঘদিন ব্যবহারের ফলে অনেকক্ষেত্রে তা নষ্ট হয়ে যায়। সেখানেই সমস্যার শুরু। নতুন করে চার্জার কেনার সময়ে অধিকাংশই চেষ্টা করেন খরচ বাঁচাতে। ফলে কম দামে চার্জার কেনেন। যা ফোনের জন্য অত্যন্ত খারাপ। দ্বিতীয়বার কেনার প্রয়োজন হলে অবশ্যই কোম্পানির অর্থাৎ অফিশিয়াল চার্জারই কেনা উচিত।
ব্যাটারি নষ্টের আরেকটি কারণ অতিরিক্ত চার্জ দেওয়া। বেশিরভাগ মানুষই সারাদিন ফোন ব্যবহার করেন এবং সারারাত ফোন চার্জে বসিয়ে রাখেন। যা একেবারই উচিত নয়। ফোনের ব্যাটারি ১০০ শতাংশ চার্জ হয়ে গেলেই তা চার্জার থেকে খুলে রাখা বাধ্যতামূলক। তরল পদার্থ থেকে ফোনের ব্যটারির ক্ষতি হতে পারে। তাই ফোনে কোনও ভাবে পানি বা তরল পদার্থ ঢুকে গেলে দ্রুত সার্ভিস সেন্টারে নিতে হবে।
মাঝে মধ্যেই পড়ে গিয়ে ক্ষতিগ্রস্ত হয় শখের স্মার্টফোনটি। কখনও ভেঙে যায় স্ক্রিন। সেই অবস্থাতেও ফোন ব্যবহার করেন অনেকে। যা একেবারেই ঠিক নয়। তাই ফোনের বাহ্যিক কোনও ক্ষতি হলেও সঙ্গে সঙ্গে সার্ভিস সেন্টারে যাওয়া আবশ্যিক। ফোনের ব্যাটারি খারাপ হওয়ার আরেকটি কারণ হল সার্ভিস সেন্টার। দেখে শুনে বুঝে ভালো সার্ভিস সেন্টার থেকে ফোনের কাজ করানো উচিত। ফোনের ব্যাটারি ঠিক রাখতে মাথায় রাখতেই হবে উপরিউক্ত বিষয়গুলো। তবে কোনও কোনও ক্ষেত্রে দেখা গেছে একেবারে সদ্য কেনা ফোনও বিস্ফোরণ হয়েছে। সেই ঘটনা ব্যাতিক্রম।
ফোনের বিস্ফোরণ এড়াতে করণীয়- স্মার্টফোনের ব্যাটারি ক্ষতিগ্রস্ত এবং এটি বিস্ফোরিত হতে পারে এমনটি বোঝার যেসব সাধারণ সতর্কতামূলক লক্ষণগুলো খেয়াল করুন। ব্যাটারির ফোলাভাব, হিস শব্দ বা পপিং করছে কিনা নজর দিন। এ ছাড়া নিশ্চিত করুন যে আপনি ফোনের নিজস্ব চার্জার ব্যবহার করছেন, অতিরিক্ত চার্জিং করছেন না এবং ফোনকে জল থেকে দূরে রাখছেন (বিশেষ করে যদি এটি জল-প্রতিরোধী না হয়)। প্রচণ্ড গরম হলে ফোন চার্জ করবেন না এবং চার্জ করার সময় বালিশের নিচে বা মাথার কাছে না রেখে অন্য কোথাও রাখুন।
ইউডি/সুস্মিত

