বাঙালি জাতীয়তাবাদের শ্রেষ্ঠ যোদ্ধা বঙ্গবন্ধু
আশিকুর রহমান সৈকত । রবিবার, ০১ মে ২০২২ । আপডেট ১২:০৮
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির নিরন্তর প্রেরণার উৎস। আলোকবর্তিকা হয়ে বাঙালি জাতির হাজার বছরের এই শ্রেষ্ঠ সন্তান আমাদের পথ দেখাচ্ছেন। বিশ্বের দরবারে লাল-সবুজের পতাকা নিয়ে মাথা উঁচু করে বাঙালি জাতি যে আজ স্বমহিমায় দাঁড়িয়ে আছে, তা বঙ্গবন্ধুর সারা জীবনের আত্মত্যাগ আর দূরদর্শী, বিচক্ষণ রাজনৈতিক নেতৃত্বের ফল। বঙ্গবন্ধুর জীবন-দর্শন, বাংলাদেশকে নিয়ে তার স্বপ্ন, দেশ স্বাধীন হওয়ার পর মাত্র সাড়ে তিন বছরে বাংলাদেশের উন্নয়নে এবং মর্যাদা প্রতিষ্ঠায় তাঁর গৃহীত পদক্ষেপ আর পরিকল্পনাকে যথাযথভাবে বিশ্লেষণ করলে আমরা বাংলাদেশের উন্নয়নের সুস্পষ্ট পথনির্দেশনা পাই।
দক্ষিণ এশিয়ার মানচিত্রে আজ লাল-সবুজের যে পতাকা উড়ছে, তার পেছনে আছে বাঙালি জাতির শত বছরের সংগ্রাম, আন্দোলন আর রক্তক্ষয়ী লড়াই। ইংরেজ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে, পাকিস্তান সরকারের শোষণ-নির্যাতনের বিরুদ্ধে ছিল এই লড়াই। এ লড়াইয়ের ভেতর দিয়ে, সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে, প্রিয়জন হারানোর বেদনা আর মা-বোনের ইজ্জতের বিনিময়ে, এক সাগর রক্তপেরিয়ে ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর অর্জিত হয় সেই কাঙ্ক্ষিত স্বাধীনতা। এই স্বাধীনতার মূল নায়ক শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু ভোগ, বিলাস, ক্ষমতার অংশীদারত্ব ইত্যাদিকে তুচ্ছজ্ঞান করে বাঙালি জাতির ভাগ্যোন্নয়নের জন্য আপসহীনভাবে লড়াই করে গেছেন শেষদিন পর্যন্ত। তিনি প্রমাণ করে দিয়েছেন যে, বাঙালি জাতিকে দাবিয়ে রাখা সহজসাধ্য নয়। এই ঘুমন্ত জাতির প্রতিটি শিরা-উপশিরায় রক্তপ্রবাহের উত্তাপ বঙ্গবন্ধু ধারণ করতেন। তাই জাতিকে নিজের মতো করে ধীরে ধীরে এগিয়ে নিয়ে গেছেন। শেখ মুজিব ছিলেন বাঙালি জাতীয়তাবাদের শ্রেষ্ঠ যোদ্ধা। যিনি বাঙালির স্বার্থের প্রশ্নে জেল, জুলুম, অত্যাচার এমনকি মৃত্যুর কাছেও মাথা নত করেননি।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেভাবে উপমহাদেশের রাজনৈতিক মানচিত্র বদলে দিয়েছিলেন, তা বিশ্বের বিস্ময়! শুধু উপমহাদেশ নয়, বিশ্বের শোষিত মানুষের পক্ষে সগৌরবে অবস্থান নিয়েছিলেন তিনি। পৃথিবীর যে কোনো প্রান্তে স্বাধীনতা বা স্বাধিকারের প্রশ্ন এলে একজন শেখ মুজিবের প্রয়োজনীয়তার কথা উদাহরণ হিসেবে উঠে আসে। বাংলাদেশের স্বাধীনতা ও সংহতির প্রতীক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এখনো তাঁর জীবন, কর্ম ও বাণী দিয়ে জাতিকে শক্তি জুগিয়ে চলছেন। ভবিষ্যতের দিনগুলোয়ও বঙ্গবন্ধুর জীবন, কর্ম ও বাণী বাঙালি জাতি ও বাংলাদেশ রাষ্ট্রকে পথ দেখিয়ে চলবে।
ইউডি/সিফাত

