হোয়াটসঅ্যাপে বড় ফাইল শেয়ারের সুযোগ
উত্তরদক্ষিণ । শুক্রবার, ১৩ মে ২০২২ । আপডেট ০৯:৫৫
বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম হচ্ছে হোয়াটসঅ্যাপ। বিশ্বে প্রায় সব দেশেই রয়েছে এর কোটি কোটি ব্যবহারকারী। দিন দিন বেড়েই চলেছে সেই সংখ্যা। তাই হোয়াটসঅ্যাপ তার ব্যবহারকারীর অভিজ্ঞতা ভালো করতে নতুন নতুন সুবিধা আনছে। এবার বড় ফাইল শেয়ার করার সুবিধা নিয়ে এলো মেটার মালিকানাধীন জনপ্রিয় সাইটটি। হোয়াটসঅ্যাপ ছবি থেকে শুরু করে প্রয়োজনীয় ডকুমেন্টস শেয়ার করার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। খুব সহজেই ফাইল বা ছবির কোনো পরিবর্তন ছাড়াই পাঠানো যায়। তবে আগে এই অ্যাপের মাধ্যমে কেবল ১০০এমবি সাইজেরই ফাইল পাঠানো যেত।
একইভাবে জি-মেইলে ২৫ এমবির বেশি বড় ফাইল পাঠানো যায় না। বড় সাইজের ফাইল শেয়ার করতে অনেকেই ব্যবহার করেন গুগল ড্রাইভ। তবে এবার থেকে হোয়াটসঅ্যাপেই বড় ফাইল পাঠানোর সুবিধা পাবেন ব্যবহারকারীরা। ২ গিগাবাইট পর্যন্ত ফাইল শেয়ার করতে পারবেন। প্রাথমিকভাবে এই সুবিধা চালু হয়েছিল আর্জেন্টিনায়। ধীরে ধীরে অন্যান্য দেশের হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদেরও পাচ্ছেন এই ফিচার ব্যবহারের সুযোগ। এছাড়াও গ্রুপের সদস্য সংখ্যা বাড়ানোর সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ। এখন থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রায় ৫১২জনকে যুক্ত করা যাবে।
এদিকে, কমপেনিয়ন মোড’ নামের নতুন সুবিধা চালু করছে হোয়াটসঅ্যাপ। এ সুবিধা চালু হলে মাল্টি ডিভাইস ফিচারের আওতায় প্রাইমারি স্মার্টফোনের বদলে অন্য স্মার্টফোনে একই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহারের সুযোগ মিলবে। বর্তমানে মাল্টি ডিভাইস ফিচারের আওতায় প্রাইমারি স্মার্টফোনের পাশাপাশি চারটি ল্যাপটপ ও ডেস্কটপ কম্পিউটারে একই অ্যাকাউন্ট থেকে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যায়। তবে একাধিক স্মার্টফোনে একই অ্যাকাউন্ট থেকে হোয়াটসঅ্যাপ ব্যবহারের সুযোগ না মেলায় অনেকেই বেশ সমস্যার মুখোমুখি হয়ে থাকেন। আর তাই ব্যবহারকারীদের চাহিদার কথা মাথায় রেখে মাল্টি ডিভাইস ফিচারের আওতায় সেকেন্ডারি স্মার্টফোন ব্যবহারের সুযোগ দিতে এ উদ্যোগ নিয়েছে হোয়াটসঅ্যাপ।
কমপেনিয়ন মোড চালু হলে ব্যবহারকারীরা চাইলেই যেকোনো স্মার্টফোনকে সেকেন্ডারি স্মার্টফোন হিসেবে যুক্ত করতে পারবেন। তবে সেকেন্ডারি স্মার্টফোন যুক্ত করার সঙ্গে সঙ্গেই আগের প্রাইমারি স্মার্টফোন থেকে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট স্বয়ংক্রিয়ভাবে লগআউট হয়ে যাবে। শুধু তাই নয়, প্রাইমারি স্মার্টফোনে থাকা হোয়াটসঅ্যাপের সব তথ্য সেকেন্ডারি স্মার্টফোনে স্থানান্তর হয়ে যাবে। বর্তমানে আইওএস ও অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনের ওপর কমপেনিয়ন মোড ফিচারের কার্যকারিতা পরখ করছে হোয়াটসঅ্যাপ। সবকিছু ঠিক থাকলে মাল্টি ডিভাইস ফিচারের আওতায় ‘রেজিস্ট্রার ডিভাইস এজ কমপেনিয়ন’ নামের নতুন অপশনে ক্লিক করে অন্য সেকেন্ডারি স্মার্টফোন যুক্ত করা যাবে।
ইউডি/সুস্মিত

