অনলাইনে ব্যবসার নামে প্রতারণা বন্ধ প্রয়োজন
কাওসার মাহমুদ । শনিবার, ২১ মে ২০২২ । আপডেট ১২:৩৫
সময়ের পরিবর্তনে অনলাইনে কেনাকাটা এখন এতটাই সহজ ও স্বাভাবিক হয়ে গেছে যে, আমরা এতে বেশ অভ্যস্ত হয়ে পড়েছি। বাজার বা মার্কেটে না গিয়ে ঘরে বসে এক ক্লিকেই পছন্দসই পণ্য হাতে আসায় মানুষ অধিক হারে নির্ভরশীল হয়ে পড়ছে অনলাইন কেনাকাটায়। বিশেষ করে করোনাভাইরাসের কারণে ২০-২১ সালে দেশের ছোট-বড় সব ধরনের ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়। সেই ক্ষতি কাটাতে রীতিমতো হিমশিম খেয়েছে ব্যবসায়ীরা। আর সে সময় যে সব ব্যবসায়ী অনলাইনে কেনাবেচা শুরু করেছিলেন তাদের জন্য করোনাকালীন সময়টা পৌষ মাস বলা যায়। দিন দিন অনলাইন ব্যবসায় গতি আসে। ফলে দেশে অনলাইনে ব্যবসা বেড়েছে শতগুণ। লেনদেনও হয়েছে বহুগুণ বেশি।
বর্তমানে অনলাইন প্ল্যাটফর্ম রয়েছে অন্তত ৯৫০ এবং সেখানে দৈনিক ৪৫ হাজারের মতো পণ্য বিক্রি হচ্ছে। ই-কমার্স ব্যবসায়ীদের সংগঠন ই-ক্যাবের তথ্য মতে, বর্তমানে অনলাইন সেবা চালু রেখেছে সাড়ে ৭০০-এর বেশি অনলাইন শপ। আর ফেসবুকে পেজ খুলে পণ্য বিক্রি করছে আরও ১০ হাজারের বেশি প্রতিষ্ঠান। এদের অধিকাংশই যে বেকার ও আর্থিকভাবে স্বাবলম্বী নয়, তা বলার অপেক্ষা রাখে না। কোনোরকম খরচ ছাড়াই কিংবা স্বল্পমূল্যে পণ্য কেনাবেচার পরিবেশই মূলত এ প্ল্যাটফর্মে তাদেরকে আগ্রহী করে তুলেছে। মূলত জীবনকে সহজ করে দিতে ই-কমার্সের জন্ম। অনলাইনে দেশে-দেশে ক্রয়-বিক্রয়ের ধরন-ধারণা পাল্টে যাচ্ছে। ভিড় ঠেলে বাজারে যেতে হয় না।
আর এই অনলাইন প্ল্যাটফর্মকে কেন্দ্র করেই তৈরি হচ্ছে নানা কর্মসংস্থান; বদলে যাচ্ছে বহু তরুণ উদ্যোক্তার ভাগ্য। তবে প্রশ্ন উঠেছে নির্ভরযোগ্য সাইট নিয়ে! বাংলাদেশ এ ক্ষেত্রে বড় দুর্ভাগা। অনলাইন-ইকমার্সের নামে এক একটি ঠকবাজির ঘটনা ধরা পড়ছে। পিলে চমকানো অবিশ্বাস্য কাণ্ডকীর্তি। ভারতের সেরা ব্র্যান্ডের শাড়ি, পাকিস্তানের থ্রিপিস, থাইল্যান্ডের জুতা, ব্যাগ, ফ্রান্সের পারফিউম, সরাসরি দুবাই, আমেরিকা থেকে আনা কসমেটিকস্ তাও অর্ধেক দামে। এমন লোভনীয় বিজ্ঞাপন দিয়ে ক্রেতাদের আকৃষ্ট করে তারা। তবে শর্ত একটাই, এ সকল পণ্য সংগ্রহ করতে হবে কুরিয়ার থেকে। আর কুরিয়ার চার্জ পাঠাতে হবে বিকাশ কিংবা নগদে। সস্তায় ভালো মানের সেরা ব্র্যান্ডের পণ্যের এমন বিজ্ঞাপন দেখে সাতপাঁচ না ভেবেই অর্ডার করেন ক্রেতারা। কিন্তু হাতে পাওয়া প্যাকেট খুলে দেখেন পুরোটাই প্রতারণা।
ফেইসবুকে ভূয়া ই-কমার্স পাতা খুলে বিভিন্ন দেশের সেরা ব্র্যান্ডের ছেলে-মেয়েদের পোশাক, ঘড়ি, জুতা, মোবাইলসহ নানা ধরনের পণ্যের বিজ্ঞাপন দিয়ে ফাঁদ পাতে তারা। তাদের আকর্ষণীয় বিজ্ঞাপন থেকে কেউ যখন অর্ডার কনর্ফাম করে তখনই একটা বুকিং মানি নেয়। এরপর নকল, ভাঙাচোরা, নষ্ট ও নিম্নমানের ব্যবহারের অনুপোযোগী পণ্য চাকচিক্যময় প্যাকিং করে কুরিয়ারে পাঠিয়ে দেয়। এদের বিরুদ্ধে মাঝে মধ্যে গ্রেফতার বা ব্যবসা সিলগালার মতো কিছু ঘটে গেলে কদিন ঝিম মেরে থেকে এরা আবার গজায়। হয় ভিন্ন নামে। নয় নতুন আইটেমে। এখানে প্রতারকদের সাফল্যের পেছনে ‘সাধারণ জনগণ’ নামক মানুষের অসচেতনতা ও অতি আগ্রহের ব্যাপক ভূমিকা রয়েছে। একদিকে যেভাবে বাড়ছে অনলাইন শপিং, সাইটগুলোতে ঠিক তেমনিভাবেই বাড়ছে গ্রাহকের সঙ্গে প্রতারণার হার।
বাংলাদেশে ই-কমার্সের জন্য আলাদা কোনো আইন নেই। গত কয়েক বছরে এর পরিধি বৃদ্ধি পাওয়ায় ই-কমার্সকে শৃঙ্খলায় নিয়ে আসতে একটি নীতিমালা তৈরির কথা বলছে বাণিজ্য মন্ত্রণালয়। সেখানে পণ্যের অর্ডার দেওয়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যে তা ক্রেতার কাছে পৌঁছে দেওয়া, তাতে ব্যর্থ হলে অগ্রিম নেওয়া মূল্য জরিমানাসহ ফেরত দেওয়া, খারাপ, মানহীন পণ্য সরবরাহকে ফৌজদারি আওতায় প্রতারণা হিসেবে গণ্য করা হয়েছে। সবচেয়ে বড় কথা, অনলাইন কেনাকাটার ক্ষেত্রে প্রথমেই যেটি দরকার, তা হচ্ছে সচেতনতা। কোনো আকর্ষণীয় অফার বা বিজ্ঞাপন দেখে হুট করে পণ্য কিনতে যাওয়া ঠিক নয়। প্রথমেই প্রতিষ্ঠানের নাম-ঠিকানা, ট্রেন্ড লাইসেন্স, মালিকের নাম-ঠিকানা ভালোভাবে জেনে নিতে হবে। কুরিয়ারে পণ্য সরবরাহের ক্ষেত্রে রসিদ ও ক্যাশ অন ডেলিভারিতে পণ্য গ্রহণ করতে হবে। ফেসবুক কেনাকাটার ক্ষেত্রে বিশ্বাসযোগ্য পেজ বা গ্রুপ থেকে কেনা এবং রিভিউ দেখে নিতে হবে। কর্তৃপক্ষের যথাযথ পদক্ষেপ ও জনগণের সচেতনতায় অনলাইন মার্কেটিং তথা ই-কমার্স আস্থা ফিরে পাবে, এমনটাই প্রত্যাশা।
লেখক: সাংবাদিক।
ইউডি/অনিক

