সারাবিশ্বের মানুষের কাছে অনুকরণীয় বঙ্গবন্ধু

সারাবিশ্বের মানুষের কাছে অনুকরণীয় বঙ্গবন্ধু

সুপ্রিয়া দেবনাথ । রবিবার, ২২ মে ২০২২ । আপডেট ০৯:১০

বঙ্গবন্ধু শুধু একটি শব্দ নয়। বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের মহানায়ক। বঙ্গবন্ধু স্বাধীনতার স্থপতি। স্বাধীন বাংলাদেশের অস্তিত্বের সঙ্গে বঙ্গবন্ধু অঙ্গাঙ্গীভাবে জড়িত। সব থেকে সফল বাঙালি রাজনৈতিক নেতা হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু শুধু বাঙালির নেতা নন। বঙ্গবন্ধু সারাবিশ্বের মানুষের কাছে অনুকরণীয়। তিনি বিশ্ব নেতায় পরিণত হয়ে অভিহিত হয়েছেন বিশ্ববন্ধু হিসেবে। একজন নেতা বিশ্ব দরবারে তাঁর দেশের মানুষকে মর্যাদাপূর্ণ আত্মপরিচয়ের আলোকে কী অপরিসীম সাহসিকতার মধ্য দিয়ে এগিয়ে নিয়ে যেতে পারেন, তার উজ্জ্বল উদাহরণ স্বাধীনতার মহানায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

বঙ্গবন্ধু শুধু দেশকে নিয়ে স্বপ্ন দেখেননি। বঙ্গোপসাগরের মত বিশাল স্বপ্ন ছিল তরুণ প্রজন্ম নিয়ে। তরুণ প্রজন্মের জন্য সমৃদ্ধ ও উন্নত জীবন প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। তরুণ প্রজন্মকে স্বপ্ন দেখাতে পেরেছিলেন এবং কীভাবে সেই স্বপ্ন বাস্তবায়ন করতে হয় তরুণ প্রজন্মকে তা শিখিয়ে দিয়ে গেছেন বঙ্গবন্ধু। অন্যায়, অত্যাচার, জুলুম, লুণ্ঠনের বিরুদ্ধে তরুণ প্রজন্ম কীভাবে হাত বলিষ্ঠ রাখবে তা শিখিয়ে গেছেন তিনি। তরুণ প্রজন্মকে সে প্রয়াস নিজের মতো করে নিতে বলেছেন। তরুণ প্রজন্ম বঙ্গবন্ধুকে শুধুই যে ভালোবাসে, তা কিন্তু নয়। তার সংগ্রাম মুখর কর্মময় জীবন ও আদর্শ থেকে শিক্ষা নেয়। বঙ্গবন্ধুর জীবনের আদর্শকে অনুসরণ করে। তরুণ প্রজন্মের কাছে বঙ্গবন্ধু একাধারে জীবনসংগ্রামের, অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের প্রতীক।

বঙ্গবন্ধুর অসীম সাহসিকতা, অসাধারণ নেতৃত্বের গুণাবলি, প্রজ্ঞা আর দূরদর্শিতায় দীক্ষিত তরুণ প্রজন্ম। আজকের তরুণ প্রজন্ম ডিজিটাল বাংলাদেশের লাল-সবুজের পতাকা কাঁধে নিয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে এগিয়ে চলেছে। ইতোমধ্যে নানা ক্ষেত্রে বিশ্বব্যাপি গৌরবময় উদাহরণ সৃষ্টি করেছে অদম্য বাংলার এ তরুণ প্রজন্ম। বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে জাতির পিতার হাতে গড়া এ স্বাধীন দেশকে সামনে এগিয়ে নিতে তরুণ প্রজন্মকে আগামী দিনে আরও নিরলসভাবে কাজ করতে হবে। বঙ্গবন্ধু আজ আমাদের মাঝে সশরীরে উপস্থিত নেই। শহীদ বঙ্গবন্ধু মরেও অমর। বঙ্গবন্ধু চিরভাস্বর হয়ে থাকবেন তরুণ প্রজন্মের হৃদয়ে, অস্তিত্বে, চেতনা আর অস্থিমজ্জায়। জাতির পিতার দেখানো পথ, আদর্শ ও স্বপ্ন, ধ্রুবতারার মতো উজ্জ্বল হয়ে যুগ যুগ ধরে দেশ থেকে দেশ-দেশান্তরে, প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছড়িয়ে পড়ুক।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading