সব মোবাইলে একই চার্জিং পোর্টের সিদ্ধান্তে ইইউ, বিপাকে অ্যাপল

সব মোবাইলে একই চার্জিং পোর্টের সিদ্ধান্তে ইইউ, বিপাকে অ্যাপল

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৯ জুন ২০২২ । আপডেট ১২:৪৫

মোবাইল ফোন, ট্যাবলেট এবং ক্যামেরার মতো ডিভাইসে একই ধরনের চার্জিং পোর্ট আনতে একমত হয়েছে ‘ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)’ দলভুক্ত দেশগুলো। এর ফলে বিপাকে পড়বে আইফোন নির্মাতা অ্যাপল। এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে ২০২৪ সালের মধ্যে অন্তত ইউরোপের জন্য হলেও আইফোন থেকে লাইটনিং পোর্ট বাদ দিতে হবে অ্যাপলকে।

বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান সমঝোতায় আসতে না পারায় এ রাজনৈতিক হস্তক্ষেপ গ্রাহকদের জীবন আরও সহজ করবে ও তাদের আর্থিক খরচও কমাবে বলে জানিয়েছে কমিশন। সকল মডেলের মোবাইল ফোনে একই ধরনের চার্জিং পোর্ট আনতে এক দশকের বেশি সময় ধরে চাপ দিয়ে যাচ্ছিল ব্রাসেলস। কারণ, আইফোন ও অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা তাদের ডিভাইস পাল্টানোর সময় চার্জারও পাল্টাতে হয়। আইফোন সাধারণত একটি ‘লাইটনিং কেবল’-এর মাধ্যমে চার্জ দেওয়া হলেও অ্যান্ড্রয়েড ভিত্তিক ডিভাইসের ক্ষেত্রে এখন ব্যাপকভাবে ব্যবহৃত হয় ‘ইউএসবি-সি কানেক্টর’।

এই প্রসঙ্গে অ্যাপলের মন্তব্য জানতে চাইলে তাৎক্ষণিক কোনো উত্তর মেলেনি। যদিও প্রতিষ্ঠানটি আগেই সতর্ক করেছিল, এই প্রস্তাবনা তাদের উদ্ভাবনে ব্যাঘাত ঘটাবে এবং ইলেকট্রনিক বর্জ্যের স্তুপ তৈরি করবে। এমন পরিস্থিতির মুখোমুখি হওয়ার পরও নিউ ইয়র্কে অ্যাপলের শেয়ারমূল্য বেড়েছে শূন্য দশমিক নয় শতাংশ।

এই পদক্ষেপের কারণে ২০২৪ সালে অ্যাপলের বিক্রি বাড়তে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। কারণ তখন প্রতিষ্ঠানটির লাইটনিং পোর্টের ডিভাইসের বদলে নতুন গ্যাজেট কিনতে আগ্রহী হবেন ইউরোপীয় গ্রাহকরা। এই সিদ্ধান্ত গ্রাহকরদের শীঘ্রই নতুন ফোন কিনতে উদ্বুদ্ধ করবে বলে জানিয়েছেন গবেষণা প্রতিষ্ঠান ‘সিএফআরএ’-এর বিশ্লেষক অ্যাঞ্জেলো জিনো। জিনো বলেছেন, “বিদ্যমান গ্রাহকরা এখনও লাইটনিং কেবল ব্যবহার করতে পারেন, তবে তৃতীয় পক্ষের প্ল্যাটফর্মগুলোতে এসব পুরোনো পণ্যের বিক্রি কমতে পারে।”

অ্যাপল ইতোমধ্যে ইউএসবি-সি পোর্টের একটি আইফোন নিয়ে কাজ করছে, যেটি আগামী বছর নাগাদ আসতে পারে বলে গত মাসের এক প্রতিবেদনে উল্লেখ করেছিল ব্লুমবার্গ।

ইউডি/অনিক

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading