পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের আবিষ্কারক শেখ মুজিব
ইমরান জাহান । বৃহস্পতিবার, ০৯ জুন ২০২২ । আপডেট ১৪:৪৫
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের দিয়ে গেছেন বাংলাদেশ নামক একটি জাতিরাষ্ট্র ও ভাষারাষ্ট্র। আমাদের হীনম্মন্যতা, জাতিসত্তার সংকট, ভাষার দ্বিধাদ্বন্দ্ব থেকে রক্ষা করেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলা ভাষা ও বাঙালি জাতির শিকড় গভীরে প্রোথিত করেছেন তিনি। আমরা সারা বিশ্বে মাথা উঁচু করে কথা বলি, নিজের পরিচয় দিতে পারি। আমাদের পরিচয় সংকট থেকে রক্ষা করেছেন বঙ্গবন্ধু। এ জন্যই তিনি বঙ্গবন্ধু, বাঙালির দেবদূত। এ জন্যই কোটি কোটি বাঙালির ভেতর তিনি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
একাত্তরের স্বাধীনতাযুদ্ধ বাঙালি জাতির সবচেয়ে আলোড়িত ঘটনা। আমরা স্বাধীন দেশে বাস করছি, তার চেয়ে বড় প্রাপ্তি কিছু নেই। অসংখ্য প্রাণ, ত্যাগ-সংগ্রাম এবং কান্নার বিনিময়ে পাওয়া সার্বভৌমত্ব, নিজস্বতা। ২৩টি বছর আমাদের থাকতে হয়েছিল একটি বর্বর জাতির সঙ্গে। পাকিস্তানি হানাদার বাহিনী কতটা বর্বরতা, পৈশাচিকতা চালাতে পারে, তা কেবল যারা প্রত্যক্ষ করেছে, তারাই বলতে পারবে। গল্প শুনে, ইতিহাস পড়ে হয়তো কল্পনা করা যাবে, কিন্তু উপলব্ধি করা সম্ভব নয়। বঙ্গবন্ধু পাকিস্তানি বর্বরদের হাত থেকে বাঙালি জাতিকে শুধু উদ্ধার করেননি, মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়ে বাঙালিকে দিয়েছেন ভাষা ও জাতিসত্তার শ্রেষ্ঠ অর্জন বাংলাদেশ। সারা জীবন তিনি ন্যায়ের পক্ষে আন্দোলন-সংগ্রাম করে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। এ উচ্চতায় আর কোনো বাঙালি পৌঁছাতে পারেনি, পারবেও না। ইতিহাসের সত্য কখনো চাপা থাকে না। দিন যত যাবে, বঙ্গবন্ধু তত উজ্জ্বল হবেন। যত দিন পৃথিবী থাকবে, বাংলাদেশ থাকবে, বাংলা ভাষা থাকবে, বাঙালি জাতি থাকবে, তত দিন স্বমহিমায় উজ্জ্বল থাকবেন বঙ্গবন্ধু।
শেখ মুজিবুর রহমান সকল বাঙালির জন্য মুক্তির দূত। তার বাঙালি জাতীয়তাবাদ বাঙালি সভ্যতা ও সংস্কৃতির নতুন উদ্ভব। মুজিব বাঙালিদের সবসময়ের নায়ক। আমাদের শ্বাপদসংকুল স্বাধীনতা সংগ্রামের এক অনবদ্য অভিযাত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের আবিষ্কারক। তাঁর সংগ্রামের মহাকাব্য পঠিত হয় পৃথিবীর শতসহস্র নিরীহ, নিপীড়িত, বঞ্চিত, মুক্তিকামী জনতার হৃদয়ে, তার আদর্শ অনুপ্রাণিত করে সব অন্যয়, অত্যাচার, নিপীড়নের বিরুদ্ধে লড়াই করতে, তার নেতৃত্বে আজো বিশ্ব খুঁজে পায় স্বাধীনতার সুখ। এটাই বঙ্গবন্ধু, এটাই তার শৈলী, এটাই তার আদর্শ। আপনি ছিলেন, আপনি আছেন, আপনি থাকবেন।
ইউডি/সুস্মিত

