এক জোড়া জুতার দাম ৪৩ লাখ টাকা
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২ । আপডেট ১৯:১৫
এক জোড়া জুতা বিক্রি হলো ৫১ হাজার ডলারে। যার বাংলাদেশী টাকার মূল্যমান হচ্ছে প্রায় ৪৩ লাখ টাকা। জুতাটি হীরা অথবা সোনা দিয়ে নয়, ছাগলের চামড়া দিয়ে তৈরি। অতি সাধারণ মানের জুতা হলেও এর কদর অনেক। কারণ এটি ২৫০ বছরের পুরনো জুতা। তাও আবার একজন বিখ্যাত মানুষের পায়ের জুতা। আর তাই দাম একটু বেশি। শুধুমাত্র সংগ্রহে রাখার জন্য এতো টাকা দিয়ে কিনে নিয়েছেন এক ক্রেতা। যদিও তার নাম প্রকাশ করা হয়নি।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে জানা যায়, ফ্রান্সের সর্বশেষ রানি মারি-আনতোয়ানেতের জুতা এটি। সম্প্রতি এটি নিলামে উঠানো হয়। ১০-১২ হাজার ডলার পর্যন্ত দাম উঠতে পারে, এমনটাই ধারণা ছিল অনসেন্ট নিলাম হাউসের কর্মকর্তাদের। কিন্তু নিলামে তোলার পর সারা বিশ্ব থেকে ডাক উঠতে থাকে। শেষ পর্যন্ত তা বিক্রি হয় ৫১ হাজার ডলারে অর্থাৎ ৪৩ লাখ টাকায়। সাদা রংয়ের, আট দশমিক আট ইঞ্চি লম্বা এ জুতা ছাগলের চামড়া দিয়ে তৈরি। কিছুটা উঁচু হিলের এ জুতার উপরের অংশটি রিবন দিয়ে সাজানো। দেশটির ষোড়শ রাজা লুই এর স্ত্রী মারি-আনতোয়ানেতে ১৭৮৯ সালে ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রানি ছিলেন। বছর দুয়েক আগে রানির ব্যবহৃত অলংকারও নিলামে তোলা হয়েছে। যা কয়েক মিলিয়ন ডলারে বিক্রি হয়।
প্রসঙ্গত, বিলাসবহুল ফ্যাশনের জগতে অত্যন্ত পরিচিত নাম ব্যালেনসিয়াগা। এই সংস্থাই এবার বাজারে আনল এমন এক ধরনের জুতো যা দেখতে পুরোপুরি ছিঁড়ে যাওয়া বাতিল জুতোর মতো। শুধু দেখতে ছেড়া বলেই নয়, পাদুকা জোড়ার দাম দেখলেও চক্ষু চরকগাছ হওয়ার উপক্রম। এক জোড়া জুতার সর্বোচ্চ দাম নাকি দেড় লক্ষ টাকা! সংস্থার পক্ষ থেকে জুতাটির নাম রাখা হয়েছে ‘ফুললি ডেসট্রয়েড স্নিকার্স’ বা পুরোপুরি ধ্বংস হয়ে যাওয়া জুতো। ব্যালেনসিয়াগার ‘প্যারিস স্নিকার’ নামক একটি বিশেষ সংগ্রহের অধীনে বাজারে আসছে এই জুতাগুলি।
ইউডি/সুস্মিত

