ফেসবুকে বড় পরিবর্তন আনছে মেটা
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২ । আপডেট ১১:১০
ফেসবুকে বড় পরিবর্তন আনছে মেটা। নতুন ভিডিও বিভাগ যুক্ত হতে চলেছে সাইটিতে। টিকটক অ্যাপে যেভাবে পরপর ভিডিও দেখা যায় একইভাবে সোয়াইপ করে ভিডিও বদল করা যাবে ফেসবুকে। এ ছাড়াও পরিবারের সদস্য ও বন্ধুদের পোস্ট একটি পৃথক ট্যাবে দেখাবে ফেসবুকে। বিশ্বজুড়ে টিকটকের জনপ্রিয়তা বেড়েই চলেছে। তাই প্রযুক্তি বিশ্বে টিকে থাকতেই একগুচ্ছ বদল আনছে ফেসবুক।
কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, ২৮ জুলাই থেকে ফেসবুক অ্যাপের হোমপেজ টিকটকের মতো দেখতে হবে। সেখানে পরপর ভার্টিকাল পাবলিক ভিডিও আসতে থাকবে। রিলস, টিকটকের মতো ভিডিও ও স্টোরিজ সব কিছুই ফেসবুক অ্যাপের হোম স্ক্রিন থেকে দেখে নিতে পারবেন গ্রাহকরা। এ ছাড়াও অ্যাপ হোম স্ক্রিনে নিউ স্ট্রিম ট্যাব পাবেন। গ্রাহক যে বিভাগ বেশি ব্যবহার করেন সেই বিভাগের শর্টকাট নিজে থেকেই অ্যাপে যুক্ত হবে। এ ছাড়াও অ্যাপের প্রধান ফিডকে আর নিউজ ফিড বলা হবে না। এই বদলের পর সব গ্রাহকের পৃথক হোম পেজ থাকবে। মেশিন লার্নিংয়ের মাধ্যমে প্রত্যেক গ্রাহকের হোম পেজ আলাদা করে সাজাবে মেটা। হোমেই থাকবে ইনস্টাগ্রাম রিলস ও ফেসবুক স্টোরিজ। দুটি প্ল্যাটফরমেই পোস্ট করার জন্য গ্রাহকদের অনুপ্রাণিত করছে মার্কিন সংস্থাটি। তবে ফেসবুক ওয়াচ ও গ্রুপস ট্যাবে কোনো পরিবর্তন হচ্ছে না।
এদিকে, প্রায় সব সোশ্যাল মিডিয়া প্রতিষ্ঠানের ব্যাপক শেয়ারপতন ঘটেছে। পিন্টারেস্ট ইনকরপোরেশনের ১১ দশমিক ৩ শতাংশ, ফেসবুক মালিকানাধীন মেটা প্ল্যাটফর্মের ৫ দশমিক ৬ শতাংশ, গুগল নিয়ন্ত্রণাধীন অ্যালফাবেটের ৩ দশমিক ৩ শতাংশ শেয়ার দর হ্রাস পেয়েছে। পিন্টারেস্ট, মেটা, টুইটার, অ্যালফাবেট ও স্ন্যাপ একসঙ্গে বাজার মূল্য হারিয়েছে ৪২ বিলিয়ন ডলার। টুইটার ও স্ন্যাপচাট জানিয়েছে, অর্থনৈতিক মন্দার শঙ্কায় বিজ্ঞাপনদাতারা ডিজিটাল মাধ্যমে বিজ্ঞাপন দেয়া কমিয়ে দিয়েছেন। ফলে প্রায় প্রতিটি সামাজিক যোগাযোগ মাধ্যমের শেয়ার মূল্য কমেছে। নিজেদের শেয়ারের দরপতনের নেপথ্যে মার্কিন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী (সিইও) ইলন মাস্কের সঙ্গে আইনি লড়াইকে দায়ী করছে টুইটার। মাইক্রোব্লগিং সাইটটির শেয়ার পড়েছে শূন্য দশমিক ১ শতাংশ। স্ন্যাপ জানিয়েছে, দেশে দেশে মূল্যস্ফীতি মাথাচাড়া দিয়ে উঠেছে। তা নিয়ন্ত্রণে বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক সুদের হার বাড়িয়েছে। এ পরিস্থিতিতে ব্যয় সংকোচন করেছেন বিজ্ঞাপনদাতারা।
ইউডি/সুস্মিত

