ঢাকায় ইন্ডিয়ার নতুন হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা
উত্তরদক্ষিণ । শুক্রবার, ২৯ জুলাই ২০২২ । আপডেট ১৮:১৫
বাংলাদেশে ইন্ডিয়ার নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে প্রণয় কুমার ভার্মাকে। তিনি বর্তমান হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীর স্থলাভিষিক্ত হবেন।
শুক্রবার (২৯ জুলাই ) ইন্ডিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
ইন্ডিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে ভিয়েতনামে নিযুক্ত ইন্ডিয়ার রাষ্ট্রদূত প্রণয় কুমার ভার্মাকে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অল্প সময়ের মধ্যেই তিনি বাংলাদেশে ইন্ডিয়ার হাইকমিশনার হিসেবে যোগ দেবেন।
প্রণয় কুমার ২০১৯ সালের ২৫ জুলাই ভিয়েতনামে রাষ্ট্রদূত নিযুক্ত হন। ভিয়েতনামে রাষ্ট্রদূত হওয়ার আগে তিনি ইন্ডিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পূর্ব এশিয়া বিভাগে নিয়োজিত ছিলেন। তার আগে এ কূটনীতিক ভারতের পরমাণু কূটনীতিক হিসেবে অ্যাটমিক এনার্জিতে কাজ করেন।
১৯৯৪ সালে ইন্ডিয়ার ফরেন সার্ভিসে যোগ দেওয়া প্রণয় কুমার কূটনীতিক হিসেবে হংকং, সানফ্রানসিস্কো, ওয়াশিংটন ডিসি ও কাঠমান্ডুতে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।
এদিকে সম্প্রতি ইন্ডিয়ার গণমাধ্যম জানিয়েছে, ঢাকায় নিযুক্ত ইন্ডিয়ার বর্তমান হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী আমেরিকার দেশটির রাষ্ট্রদূত হচ্ছেন।
ইউডি/সুস্মিত

