আক্রমণাত্মক আফিফ, আত্মবিশ্বাসীও বটে

আক্রমণাত্মক আফিফ, আত্মবিশ্বাসীও বটে
উত্তরদক্ষিণ খেলা

উত্তরদক্ষিণ । বুধবার, ১৭ আগস্ট ২০২২ । আপডেট ১২:৪০

সদ্য শেষ হওয়া জিম্বাবুয়ে সফরে দুর্দান্ত ব্যাটিং করেছেন আফিফ হোসেন। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে যথাক্রমে ১০, ৩০ ও ৩৯* রান করেন আফিফ। আর তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম খেলায় ব্যাটিংয়ের সুযোগ পাননি তিনি। তবে দ্বিতীয় ম্যাচে করেন ৪১ রান। আর শেষ ম্যাচে হোয়াইটওয়াশ এড়াতে নেমে ৮৫ রানের লড়াকু ইনিংস খেলে দলের জয়ে অবদান রেখে ম্যাচসেরার পুরস্কার জিতে নেন।

জিম্বাবুয়ের মাঠে দারুণ ক্রিকেট খেলা আফিফের ভূয়সী প্রশংসা করেছেন জাতীয় দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। সুজন বলেন, আমরা নির্দিষ্ট একটা দায়িত্ব নিয়ে আফিফকে চিন্তা করছি। হি ইজ এ ডায়নামো। আমার মনে হয়, সে আত্মবিশ্বাসী একটা ছেলে। শেষ দুটি সিরিজে দারুণ ব্যাটিং করেছে। ওয়ানডেতেও ভালো খেলেছে। আমরা আফিফকে সে জায়গাটা দেব। কারণ সে আমাদের ভবিষ্যৎ।

সংবাদমাধ্যমকে জাতীয় দলের সাবেক অধিনায়ক সুজন বলেন, সবচেয়ে বড় কথা, সে আক্রমণাত্মক। এটাই আমরা দলের মধ্যে চাই। বাংলাদেশে খুবই গুরুত্বপূর্ণ একজন ক্রিকেটার তৈরি হচ্ছে। অবশ্যই তাকে আমাদের সে সুযোগটা করে দিতে হবে। এটা আমাদের দায়িত্ব।
সুজন বলেন, আমি আফিফের মধ্যে কিছু অনন্য যোগ্যতা দেখেছি, যেটা খুব বেশি ক্রিকেটারের মধ্যে নেই। আপনি যদি দেখেন- দ্বিতীয় ম্যাচেও আফিফ যখন ব্যাটিংয়ে আসে, আমরা চাপে ছিলাম এবং চাপটা সে দ্রুতই সরিয়ে দিয়েছে। এ ধরনের খেলোয়াড় অন্যদিন একই জিনিস করতে গিয়ে আউট হয়ে যাবে। তখন আপনারা-আমরা বলব যে এটা কী করল! কিন্তু তার মধ্যে যে কোয়ালিটি আছে, সেটা আমি হারাতে চাই না। সে এভাবেই খেলুক।

প্রসঙ্গত, ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক ঘটে আফিফের। এখন পর্যন্ত এই ফরম্যাটে ৪৭ ম্যাচের ৪২ ইনিংসে ১৯.৩৮ গড়ে রান করেছেন ৬৯৮। দুটি অর্ধশতকের ইনিংস রয়েছে তার। টি-টোয়েন্টিতে মাঝেমধ্যে হাত ঘুরিয়ে ৮টি উইকেটও শিকার করেছেন এই অলরাউন্ডার। অন্যদিকে, ২০২০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় এই আফিফের। এখন পর্যন্ত এ ফরম্যাটে ১৯ ম্যাচ খেলে ৪৩.৭২ গড়ে রান করেছেন ৪৮১। তিনটি অর্ধশতকের মধ্যে সর্বোচ্চ অপরাজিত ৯৩ রানের একটি ইনিংস আছে তার। ওয়ানডেতে তিনটি উইকেটও ঝুলিতে রয়েছে সম্ভাবনাময়ী এই ক্রিকেটারের দখলে।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading