দর্শকের মন্তব্যে অনুপ্রাণিত হই: ইভানা

দর্শকের মন্তব্যে অনুপ্রাণিত হই: ইভানা

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১৮ আগস্ট ২০২২ । আপডেট ১৩:১৫

ছোট পর্দার ব্যস্ত অভিনেত্রী পারসা ইভানা। শাস্ত্রীয় নৃত্যের শিল্পী হয়েও নাম লেখান অভিনয়ে। ২০১৫ সাল থেকে টুকটাক অভিনয় শুরু করেন; ২০১৮ সাল থেকে এ মাধ্যমে নিয়মিত হয়ে যান। কাজল আরিফিন অমি নির্মিত বহুল আলোচিত নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’। এ নাটকে ইভা চরিত্রে অভিনয় করছেন পারসা ইভানা।

গত ঈদুল ফিতর ও ঈদুল আজহায় তার অভিনীত বেশ কিছু নাটক প্রচার হয়েছে। এর মধ্যে ‘গুড বাজ’ ও ‘ব্যাড বাজ’ নাটকে অভিনয় করে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন। এ দুটো নাটকে জিয়াউল হক পলাশের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন তিনি।
তবে ইভানার নাচ নিয়ে আপত্তি না থাকলেও অভিনয় নিয়ে আপত্তি জানিয়েছিলেন তার বাবা। কিন্তু ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে অভিনয়ের সুযোগ পাওয়ার পর বদলে যায় তার বাবার মত।

এ বিষয়ে পারসা ইভানা বলেন—‘‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে কাজ করার আগে থেকেই বাসার সবাই মিলে নাটকটি দেখতাম। বাসার কেউ কেউ বলতেন, ইশ্, তুমি যদি এই নাটকে কাজ করতে। একদিন সুযোগ পেয়ে গেলাম। বাবা আমার অভিনয় করাটা পছন্দ করতেন না। ‘ব্যাচেলর পয়েন্ট’–এ যোগ দেওয়ার পর তিনি খুশি। কারণ, তিনি নিজেও এই নাটকের ভক্ত।’’

অভিনয় ক্যারিয়ার খুব দীর্ঘ নয় পারসা ইভানার। কিন্তু অল্প সময়ে দর্শকের ভালোবাসা কুড়াচ্ছেন। এ বিষয়ে এই অভিনেত্রী বলেন, ‘ফেসবুক, ইনস্টাগ্রামে মন্তব্য করে সবাই প্রশংসা করেন; এসব ভীষণ ভালো লাগে। আর ইউটিউবে মন্তব্য দেখলে ভীষণ অনুপ্রাণিত হই।’

পারসা ইভানা ইংলিশ মিডিয়াম থেকে এ-লেভেল সম্পন্ন করেছেন। তার বাবা-মা বিদেশে থাকেন। তারও ইচ্ছে বিদেশে গিয়ে ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিষয়ে উচ্চতর ডিগ্রি নেওয়ার। তবে অভিনয়কে বিদায় জানাতে নারাজ; পড়াশোনার পাশাপাশি কাজ করে যেতে চান বলেও জানান এই অভিনেত্রী।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading