এক মাসের মধ্যে সবকিছু স্বাভাবিক হবে: পরিকল্পনামন্ত্রী

এক মাসের মধ্যে সবকিছু স্বাভাবিক হবে: পরিকল্পনামন্ত্রী

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১৮ আগস্ট ২০২২ । আপডেট ১৮:৫০

এক মাসের মধ্যে সব কিছু আগের মতো স্বাভাবিক হবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুরর আব্দুস সামাদ আজাদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘গত এক মাস ধরে জিনিসপত্রের সামান্য দাম বেড়েছে। তেল ও চালের দাম বেড়েছে, তা আমরা স্বীকার করি। কিন্তু আমাদের কারণে এই দাম বাড়েনি। মোড়লদের লড়াইয়ে (রাশিয়া-ইউক্রেন যুদ্ধ) এই সমস্যার সৃষ্টি হয়েছে। লোডশেডিং দেখা দিয়েছে। তবে, আর বেশি দিন নয়। আগামী এক মাসের মধ্যে সবকিছু আগের মতো স্বাভাবিক হয়ে যাবে। দামও কমবে, আগের মতো ২৪ ঘণ্টা বিদ্যুৎ পাওয়া যাবে।’

মন্ত্রী বলেন, আওয়ামী লীগ গরিবের সরকার। গত ১৪ বছরে দেশে বৈপ্লবিক উন্নয়ন হয়েছে। সরকার ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে। শিক্ষা, যোগাযোগ, বয়স্ক ভাতা, বিধবা ভাতাসহ দেশের সার্বিক উন্নয়ন-অগ্রযাত্রা এগিয়ে নিয়ে যাচ্ছে। ভয় পাবেন না। মনে সাহস রেখে শান্তিশৃঙ্খলা বজায় রেখে মিলেমিশে কাজ করুন।

আব্দুল মান্নান বলেন, বিএনপিসহ একটি মহল নানামুখী ষড়যন্ত্রের অপচেষ্টা করছে। জনগণ সব জানে। দেশ ও দেশের মানুষের উন্নয়ন কেবল আওয়ামী লীগই করে। কারণ বিএনপি ক্ষমতায় থাকাকালে কোনো উন্নয়ন করেনি। তারা সরকারি অর্থ লুটপাট করেছে।

এর আগে পরিকল্পনামন্ত্রী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে বরাদ্দকৃত উপজেলার দুস্থ ও অসহায় ১৭৫ পরিবারের মধ্যে এক বান করে ঢেউটিন ও নগদ ৩ হাজার টাকা বিতরণ এবং উপজেলা পরিষদের বাস্তবায়নে আনসার ভিডিপি ব্যারাক উদ্বোধন করেন।

এছাড়া মন্ত্রী ৪ কোটি ৩৩ লাখ ৩৫ হাজার টাকা ব্যয়ে উপজেলার মিরপুর ইউনিয়নের আমড়াতৈল থেকে নয়াবন্দর ভায়া শ্রীরামসী বাজারের রাস্তা নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading