জ্বালানি তেলের দাম লিটারে কমছে ৫ টাকা
উত্তরদক্ষিণ । সোমবার, ২৯ আগস্ট ২০২২ । আপডেট ১৯:৪০
দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ৫ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ সোমবার দিনগত রাত ১টা থেকে নতুন এ দাম কার্যকর হবে। রাতেই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হবে।
সোমবার (২৯ আগস্ট) সন্ধ্যায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
নতুন দাম অনুযায়ী, ভোক্তা পর্যায়ে লিটারপ্রতি ডিজেল ১১৪ টাকা থেকে কমে ১০৯ টাকা, অকটেন ১৩৫ টাকা থেকে ১৩০ টাকা, পেট্রোল ১৩০ টাকা থেকে কমে ১২৫ টাকা এবং কেরোসিন ১১৪ টাকা থেকে কমে ১০৯ টাকায় নামছে।
এদিকে দুপুরে জ্বালানি তেলের দাম সমন্বয়ে হিসাব যাচাই-বাছাই চলছে বলে জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।
তিনি বলেন, জ্বালানি তেল আমদানিতে করের ব্যাপারে আমাদের কিছু সুবিধা দেওয়া হয়েছে। সেই সুবিধার কারণে আমরা চিন্তা করছি তেলের দাম সমন্বয় করতে পারব।
এর আগে রবিবার (২৮ আগস্ট) রাতে জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান আবু হেনা রহমাতুল মুনিমের সই করা এক প্রজ্ঞাপনে বলা হয়, ডিজেলের দাম নিয়ন্ত্রণে সব ধরনের আগাম কর মওকুফ করা হয়েছে। পাশাপাশি আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে।
আগে ডিজেলে শুল্ক-কর মিলিয়ে ৩৪ শতাংশ কর প্রযোজ্য ছিল। নতুন আদেশের ফলে সবমিলিয়ে তা কমে ২২.৭৫ শতাংশ হলো।
নতুন আদেশ অনুযায়ী, ডিজেল আমদানিতে এখন ব্যবসায়ীদের আমদানি শুল্ক ৫ শতাংশ, আগাম আয়কর ৩ শতাংশ এবং ১৫ শতাংশ ভ্যাট দিতে হবে। এই আদেশ আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বহাল থাকবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।
গত ৫ আগস্ট রাত ১২টার পর থেকে দেশে সব ধরনের জ্বালানি তেলের মূল্য বাড়ানো হয়। সেদিন প্রতি লিটার ডিজেল ১১৪ টাকা, কেরোসিন ১১৪ টাকা, অকটেন ১৩৫ টাকা এবং পেট্রোলের মূল্য ১৩০ টাকা নির্ধারণ করা হয়।
তার আগে ডিজেল ৮০ টাকা, কেরোসিন ৮০ টাকা, অকটেন ৮৯ টাকা এবং পেট্রোলের দাম ছিল এক লিটার ৮৬ টাকা।
ইউডি/সুস্মিত

