পঞ্চগড়ে নৌকা ডুবে ২৪ জনের মৃত্যু
উত্তরদক্ষিণ । রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০২২ । আপডেট ১৮:৩৫
জেলার বোদা উপজেলায় করতোয়া নদীতে রবিবার দুপুরে নৌকাডুবিতে ২৪ জনের মৃত্যু হয়েছে। উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়া ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বোদা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন কুমার রায় ২৪ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় আরও অন্তত ৩০ জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। তবে তাৎক্ষণিকভাবে মৃতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
বোদা থানার ওসি সুজয় কুমার রায় বাসসকে জানান- আজ দুপুরে করতোয়া নদীতে অতিরিক্ত যাত্রীর করেণে নৌকা ডুবির ঘটনায় এই পর্যন্ত ২৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো অনেকেই নিখোঁজ রয়েছেন। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোলেমান আলী জানান, শারদীয় দুর্গোৎসবের মহালয়া উপলক্ষে মাড়েয়া বাজার এলাকার আউলিয়া ঘাট থেকে ৭০-৮০ জনের মতো মানুষ নিয়ে একটি শ্যালো ইঞ্জিনচালিত নৌকা বড়শশী ইউনিয়নের বদেশ্বরী মন্দিরের দিকে যাচ্ছিল। ঘাট থেকে নৌকাটি কিছু দুর যাওয়ার পর দুলতে শুরু করে। একপর্যায়ে নৌকাটি ডুবে যায়। মৃতদের অধিকাংশই নারী ও শিশু।
ইউডি/সুস্মিত

