পঞ্চগড়ে নৌকাডুবির ঘটনায় মৃত বেড়ে ৫৬

পঞ্চগড়ে নৌকাডুবির ঘটনায় মৃত বেড়ে ৫৬

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০২২ । আপডেট ১০:৫০

পঞ্চগড়ের করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনার তৃতীয় দিনের মতো উদ্ধার অভিযান চলছে। নতুন করে আরও ছয় জনের লাশ উদ্ধার করা হয়েছে। এতে এ ঘটনায় মৃতের সংখ‌্যা বেড়ে দাঁড়ালো ৫৬ জনে।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকাল থেকে তৃতীয় দিনের উদ্ধার অভিযান শুরু হয়। দিনাজপুর ফায়ার সার্ভিস অ‌্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মঞ্জিল হক এসব তথ‌্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমাদের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। আজকে আবহাওয়া অনুকূলে থাকায় উদ্ধার অভিযান কিছুটা সহজ হবে। ভয়াবহ এ দুর্ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন অনেকে। নিখোঁজদের অপেক্ষায় ঘটনার পর থেকেই করতোয়ার পাড়ে অবস্থান করছেন স্বজনরা।

নৌকাডুবিতে মৃত ব্যক্তিদের মধ্যে হাশেম আলী (৭০), শ্যামলী রানি (১৪), লক্ষ্মী রানি (২৫), অমল চন্দ্র (৩৫), শোভা রানি (২৭), দিপঙ্কর (৩), পিয়ন্ত (আড়াই বছর), রুপালি ওরফে খুকি রানি (৩৫), প্রমিলা রানি (৫৫), ধনবালা (৬০), সুনিতা রানি (৬০), ফাল্গুনী (৪৫), প্রমিলা দেবী, জ্যোতিশ চন্দ্র (৫৫), তারা রানি (২৫), সানেকা রানি (৬০), সফলতা রানি (৪০), বিলাশ চন্দ্র (৪৫), শ্যামলী রানি ওরফে শিমুলি (৩৫), উশোশি (৮), তনুশ্রী (৫), ব্রজেন্দ্র নাথ (৫৫), ঝর্ণা রানী (৪৫), দীপ বাবু (১০), সুচিত্রা (২২), কবিতা রানী (৫০), বেজ্যে বালা (৫০), দিপশিখা রানী (১০), সুব্রত (২), জগদীশ (৩৫), যতি মৃন্ময় (১৫), গেন্দা রানী, কনিকা রানী, আদুরী (৫০), পুষ্পা রানী, প্রতিমা রানী (৫০), সূর্যনাথ বর্মন (১২), হরিকেশর বর্মন (৪৫), নিখিল চন্দ্র (৬০), সুশীল চন্দ্র (৬৫), যুথি রানী (১), রাজমোহন অধিকারী (৬৫), রূপালী রানী (৩৮), প্রদীপ রায় (৩০) এবং পারুল রানীর (৩২) নাম জানা গেছে। তাদের সবার বাড়ি পঞ্চগড়ে।

পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক দীপঙ্কর রায় বলেন, সোমবার রাত পর্যন্ত ৫০ জনের মরদেহ উদ্ধার করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এখনও অনেকে নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারে অভিযান চলছে।

উল্লেখ‌্য, রবিবার (২৫ সেপ্টেম্বর) শারদীয় দুর্গোৎসবের মহালয়া উপলক্ষে শতাধিক মানুষ শ্যালো ইঞ্জিনচালিত একটি নৌকায় করে বদেশ্বরী মন্দিরের দিকে যাচ্ছিলেন। ঘাট থেকে নৌকাটি কিছু দূর যাওয়ার পর দুলতে শুরু করে। এক পর্যায়ে নৌকাটি ডুবে যায়।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading