ইন্ডিয়ায় শপিং মলে নায়িকাদের শরীর স্পর্শ! উত্তাল চলচ্চিত্র জগৎ
উত্তরদক্ষিণ । বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২ । আপডেট ১৭:২০
শপিং মলে ভিড়ের সুযোগ নিয়ে নায়িকাদের শরীর স্পর্শের ঘটনায় তোলপাড়ের সৃষ্টি হয়েছে ইন্ডিয়ার দক্ষিণী চলচ্চিত্র জগতে। জানাযায় দুই মালয়ালি অভিনেত্রী ছবির প্রচার করতে গিয়ে এই হেনস্থার মুখে পড়েছেন।
ঘটনাটি ঘটে কেরলের কোঝিকোড়ের একটি শপিং মলে। তারা তাদের আগামী ছবি ‘স্যাটারডে নাইট’-এর প্রচার করতে সেখানে গিয়েছিলেন। সঙ্গে ছিলেন ছবির অন্যান্য কলাকুশলীরাও। সংবাদমাধ্যমে এই ঘটনায় ক্ষোভে ফেঁটে পড়েছেন নায়িকারা।
মঙ্গলবার রাতের এই ঘটনার একটি ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে। তাতে দেখা য়ায়, ভিড়ের মধ্যে এক জনকে সপাটে থাপ্পড় মারছেন দক্ষিণী নায়িকা। পরে তিনি সামাজিকমাধ্যমে লিখেছেন, ‘আমরা সবাই আমাদের নতুন ছবির প্রচারে গিয়েছিলাম। আমাদের এত ভালবাসার জন্য কালিকটের মানুষকে আমি ধন্যবাদ জানাই। সেখানকার মলে এমন ভিড় হয়েছিল যে, নিরাপত্তারক্ষীরা সামাল দিতে হিমসিম খাচ্ছিলেন। ওখান থেকে বেরোনোর সময় আমার এক সহকর্মীর সঙ্গে কেউ অশ্লীল আচরণ করেন। ভিড়ের মধ্যে ও তার কোনও প্রতিক্রিয়াও দেওয়ার সুযোগ পায়নি। তার পর একই কাজ করা হয় আমার সঙ্গেও। আমি তখন কী করেছি, আপনারা ভিডিওতে দেখেছেন।’
অভিনেত্রী আরও লিখেছেন, ‘আমি আশা করি, আর কাউকে এমন অস্বস্তির মধ্যে পড়তে হবে না। মহিলাদের সঙ্গে এই ধরনের আচরণ এ বার বন্ধ হোক।’
সামাজিকমাধ্যমে মুখ খুলেছেন আর এক নায়িকাও। তিনি লেখেন, ‘কোঝিকোড়ে ছবির প্রচার করতে গিয়ে আমার ভয়াবহ অভিজ্ঞতা হয়েছে। ভিড়ের মধ্যে এক জন আমায় স্পর্শ করেছে। আমাদের চারপাশের মানুষজন কি সত্যিই এত খারাপ? আমি ছবির প্রচারের জন্য আগেও অনেক জায়গায় গিয়েছি, কোথাও এই অভিজ্ঞতা হয়নি। আমার সহকর্মীর সঙ্গেও একই কাজ করা হয়েছে। ও তার জবাবে তা-ও কিছু করতে পেরেছে। আমি তো স্তম্ভিত হয়ে পড়েছিলাম। এর শেষ কোথায়?’
সামাজিকমাধ্যমে তাদের পোস্ট সাড়া ফেলে দিয়েছে। নায়িকাদের অনুরাগীরা সকলেই এমন ঘটনার তীব্র বিরোধিতা করেছেন। নিন্দায় সরব হয়েছেন সিনে দুনিয়ার কলাকুশলীরাও।

